গাজীপুর, ফেব্রুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধা থেকে এক স্কুলছাত্রীকে অপহরণের এক মাস পর বৃহস্পতিবার গাজীপুর থেকে উদ্ধার করা হয়েছে।
গাইবান্ধা পুলিশের একটি দল ভোরে গাজীপুর সদরের তালগাছ এলাকার একটি বাড়ি থেকে সপ্তম শ্রেণীর ওই ছাত্রীকে উদ্ধার করে বলে পলাশবাড়ী থানার উপপরিদর্শক হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
১২ বছর বয়সি ওই ছাত্রীকে গত ২১ জানুয়ারি পলাশবাড়ীর তালুকজামিরা থেকে অপহরণ করা হয় বলে ওই ছাত্রীর বাবা থানায় অভিযোগ করেন।
পুলিশ কর্মকর্তা হাবিব বলেন, অপহরণে জড়িত অভিযোগে গাজীপুর থেকে সাধন চন্দ্র মজুমদার (২৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
সাধন ও উদ্ধার ছাত্রীকে নিয়ে বৃহস্পতিবার সকালেই গাইবান্ধার উদ্দেশে রওনা হয়েছে পুলিশ।
এসআই হাবিব জানান, পলাশবাড়ীর বাসিন্দা সাধন বিবাহিত ও ২ সন্তানের জনক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৫০ ঘ.
bdnews24