গাজীপুর, ফেব্র"য়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার খুব ইচ্ছে তাদের, কিন্তু এতো দূরে নিয়ে যাবে কে? তাই নিজ হাতে শহীদ মিনার গড়ে নিলো গাজীপুরের ভোগরা গ্রামের তিন শিশু।
একুশের প্রথম প্রহরের আগে শনিবার সন্ধ্যায় গ্রামের নায়েববাড়িতে শুরু হলো কাদামাটি দিয়ে শহীদ মিনার গড়ার পালা। রাত সাড়ে ৮টার দিকে লোডশেডিং শুরু হলে টর্চ জ্বালিয়েই চলতে থাকে আইরিন (৯), মেহেদী (৮) আর রিফার (৪) শহীদ মিনার গড়ার কাজ।
পথের ধারে ইট আর কাঁদা মাটি দিয়ে তারা শহীদ মিনারের আদলে তিনটি স্তম্ভ তৈরি করছিলো তারা। মাটিতে পানি মিশিয়ে কাদা করে স্তম্ভগুলোতে ছোট ছোট আঙ্গুলে মাটির প্রলেপ দিচ্ছেলো মেহেদি আর আইরিন। আর টর্চ হাতে আলো দিচ্ছিলো রিফা।
নায়েব বাড়ির গৃহকর্মীর মেয়ে আইরিন বলে, "টিভিতে দেখছি মানুষ শহীদ মিনারে ফুল দেয়। ওইহানে যাওয়ার আমার খুব ইচ্ছা অয়। কিন্তু কেউ আমারে নিয়া যায় না।"
তাই বাড়িওয়ালার ছেলে মেহেদি ও তার চাচাতো বোন রিফাকে সঙ্গে নিয়ে নিজেরাই কিছুক্ষণের মধ্যেই তৈরি করে ফেললো সত্যিকারের শহীদ মিনার। এরপর না ঘুমিয়ে একুশের প্রথম প্রহরে ফুল দিয়েই ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানালো তিন শিশু।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৪০০ ঘ.
bdnews24