ঢাকা, ফেব্রুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খোলা বাজারে বিক্রির (ওএমএস) চালের মাথাপিছু পরিমাণ এবং বিক্রির সময় বাড়ানো হবে জানিয়েছেন খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় ওএমএস কার্যক্রম পরিদর্শন করেন খাদ্যমন্ত্রী। এসময় ক্রেতা-ডিলারদের দাবির প্রেক্ষিতে তিনি এ আশ্বাস দেন।
খাদ্যমন্ত্রী সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় ওএমএস কার্যক্রমের আকস্মিক পরিদর্শনে যান।
ক্রেতা-ডিলাররা মন্ত্রীকে বলেন, বিকেল পাঁচটা পর্যন্ত চাল বিক্রি হওয়ায় কর্মজীবী মানুষ কাজ শেষে চাল কিনতে পারে না। সকাল নয়টায় চাল কিনেও কাজে যেতে পারে না তারা। তাই সময় বাড়ানো প্রয়োজন।
খাদন্ত্রী বলেন, "চালের সরবরাহ ও বিক্রির সময় বাড়ালে বেশি সংখ্যক লোক ওএমএস'র চাল কিনতে পারবে। এতে বাজারে মোটা চালের দামের ওপর আরো বেশি প্রভাব পড়বে।"
মন্ত্রী জানান, সরকারের কাছে চালের পর্যাপ্ত মজুত রয়েছে। আরো চাল বাজারে ছাড়া হবে।
বর্তমানে রাজধানীতে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ওএমএস'র চাল বিক্রি হয়।
ডিলাররা জানান, দোকানে বর্তমানে একটন চাল বিক্রি করা হচ্ছে। এ চাল দুপুরের মধ্যেই শেষ হয়ে যায়।
ট্রাক-ডিলাররা জানান যে, বর্তমানে তারা চার টন করে চাল পাচ্ছেন। বিক্রির সময় বাড়ালে এর চেয়ে বেশি চাল তারা বিক্রি করতে পারবেন।
মন্ত্রী যাত্রাবাড়ির মালতিলতা কাঁচাবাজার, যাত্রাবাড়ি কাঁচাবাজার, সায়েদাবাদ আমতলী, কাজলা ব্রিজ, জুরাইন বাজার, খন্দকার রোড, আলম মার্কেট, কলিমুল্লারবাগ, আইজি গেট, পোস্তগোলা বালুরমাঠ, ঘুন্টিঘর, মিরহাজিরবাগ, দয়াগঞ্জ রেলব্রিজ, দয়াগঞ্জ রেলক্রসিং, গেণ্ডারিয়া ডিস্ট্রিলারি রোড ও ধুপখোলার মাঠ এলাকার ট্রাক ডিলার ও দোকান ডিলারদের ওএমএস কার্যক্রম পরিদর্শন করেন।
তিনি যাত্রাবাড়ি কলাপট্টি, শ্যামপুর ও পোস্তগোলার বিভিন্ন চালের আড়ৎ ও খুচরা বাজারে চালের দামও পর্যবেক্ষণ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/২০৩৫ ঘ.
bdnews24