ঢাকা, ফেব্রুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরের যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া শুরু করতে চলতি মাসেই এজলাসসহ আনুষঙ্গিক অবকাঠামো নির্মাণের কাজ শেষ হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।
মার্চের প্রথম সপ্তাহে তদন্তকারী সংস্থা ও আইনজীবী প্যানেল (প্রসিকিউটর) নিয়োগ হবেও জানান তিনি।
শফিক মঙ্গলবার আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, "যুদ্ধাপরাধীদের বিচার শুরু করতে সরকার সচেষ্ট। সুষ্ঠু ও আন্তর্জাতিক মানদণ্ডে গ্রহণযোগ্য বিচারের জন্য সব ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে।"
যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া শুরু করতে নবম সংসদের প্রথম অধিবেশনে সিদ্ধান্ত নেয় সরকার।
আইনমন্ত্রী বলেন, "ফেব্র"য়ারি মাসের মধ্যে পুরাতন হাইকোর্টের এক নম্বর ভবনে অবকাঠামো নির্মাণ সম্পন্ন হবে আশা করছি। এরপর তদন্তকারী সংস্থা ও আইনজীবী প্যানেল (প্রসিকিউটর) নিয়োগ করে শুরু হবে তদন্ত কাজ।"
সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে আইনমন্ত্রী সফররত জাইকা মহাপরিচালক মাসাকাতা নাকাহারার সঙ্গে বৈঠক করেন।
মন্ত্রী জানান, সরকারের চারটি প্রকল্পে জাইকা ৪০০ মিলিয়ন মার্কিন ডলার (থার্টিফাস্ট ইয়েন লোন প্যাকেজে) সহায়তা দিচ্ছে।
জাইকা আশা করছে, প্রকল্পের বিষয়ে সরকার সহযোগিতা করবে এবং মার্চের প্রথমার্ধে জাইকার সঙ্গে চুক্তির স্বাক্ষর করতে আগ্রহী তারা।
চুক্তি স্বাক্ষরের ক্ষেত্রে আইনি দিনগুলো খতিয়ে দেখে আইন মন্ত্রণালয় পরামর্শ দিয়ে থাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/এমআই/১৫৩০ ঘ.
bdnews24