সিলেট, ফেব্রুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঘুষ নেওয়ার অভিযোগে পল্লী বিদ্যুৎ সমিতির সিলেট-২ অঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) মোফাজ্জল হোসেন ও উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) দিলীপ চন্দ্র চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার বিকালে ঘুষের ৭০ হাজার টাকা লেনদেনের সময় জৈন্তাপুর উপজেলায় অবস্থিত পল্লী বিদ্যুৎ সমিতির আঞ্চলিক কার্যালয় থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা মেজর তুহিন মাসুদ।
অভিযানে নেতৃত্ব দেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সিলেট বিভাগীয় সমন্বিত কার্যালয়ের পরিচালক মেজর তুহিন মাসুদ ও র্যাব -৯ এর অপারেশন কর্মকর্তা লেফটেনেন্ট ফয়েজ আহমদ।
মেজর তুহিন মাসুদ সাংবাদিকদের জানান, ঢাকার উত্তরার বাসিন্দা ব্যবসায়ী আফজাল হোসেন ভোলাগঞ্জ পাথর কোয়ারিতে স্টোনক্রাসার কারখানার জন্য বিদ্যুৎ সংযোগ চাইলে জিএম মোফাজ্জল ও ডিজিএম দিলীপ চন্দ্র তার কাছে এক লাখ টাকা ঘুষ চান।
পরবর্তীতে ৭০ হাজার টাকা ঘুষ দেওয়ার সমঝোতায় তারা সংযোগ দিতে রাজি হন।
র্যাব কর্মকর্তা জানান, ব্যবসায়ী আফজাল হোসেন এ বিষয়টি র্যাব ও দুদক কর্মকর্তাদের জানালে তাকে দিয়ে ফাঁদ পাতা হয়। সোমবার বিকাল ৩টার দিকে ব্যবসায়ী আফজাল হোসেন ঘুষের ৭০ হাজার টাকা নিয়ে পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ে যান। টাকা লেনদেনের সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা দুদক ও র্যাব সদস্যরা মোফাজ্জল ও দিলীপকে হাতেনাতে আটক করে।
জৈন্তাপুর থানার ওসি ভূলোক চন্দ্র বসাক জানান, আটকৃতদের থানায় সোপর্দ করা হয়েছে। দুর্নীতির অভিযোগে তাদের বিরুদ্ধে একটি মামলা করেছেন ব্যবসায়ী আফজাল হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮১৯
bdnews24