কক্সবাজার, ফেব্রুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কক্সবাজারের উখিয়া উপজেলায় পুলিশের সঙ্গে একদল ডাকাতের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে।
শনিবার রাতে উপজেলার পালংখালী শফিউল্লাহকাটা এলাকায় প্রায় তিন ঘণ্টার এ বন্দুকযুদ্ধে সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি), উপ-পরিদর্শকসহ (এসআই) সাত পুলিশ ও আনসার সদস্য আহত হয়েছেন।
সংঘর্ষে ডাকাত দলের প্রধান গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছেন উখিয়া থানার ওসি রফিকুল ইসলাম।
পুলিশ তিন ডাকাতকে গ্রেপ্তার এবং গুলিসহ তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে।
ওসি জানান, ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে পুলিশের একটি দল কক্সবাজার- টেকনাফ সড়কের উখিয়া উপজেলাধীন পালংখালী এলাকার শফিউল্লাহকাটা ঢালায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল গুলিবর্ষণ শুরু করে। পুলিশও পাল্টা গুলি চালায়।
তিনি জানান, রাত প্রায় ২টা থেকে ভোররাত ৫টা পর্যন্ত থেমে থেমে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় পুলিশ ২৫ রাউন্ড গুলি করে।
সংঘর্ষের সময় এএসপি রুহুল কবির খান, এসআই এ বি এম গোলাম কিবরিয়া, কনস্টেবল বোরহান উদ্দিন, কনস্টেবল জমির উদ্দিন, কনস্টেবল দেবরাজ, আনসার কমান্ডার জসিম উদ্দিন ও আনসার সদস্য জাহেদ আহত হন।
টেকনাফ উপজেলার শামলাপুর এলাকার বাসিন্দা ডাকাত সর্দার নুরুল আলমকে (২৪) কক্সাবাজার সদর হাসপাতারে ভর্তি করা হয়েছে।
গ্রেপ্তারকৃত অপর দুই ডাকাত হলেন- উখিয়ার পালংখালীর মোহাম্মদ আলী ওরফে কাশিম আলী ও টেকনাফের হাতিয়ার ঘোনার রিয়াজ উদ্দিন (২০)।
নুরুল আলমের বিরুদ্ধে টেকনাফ থানায় পাঁচটি ও উখিয়া থানায় ছয়টি এবং কাশিম আলীর বিরুদ্ধে উখিয়া থানায় তিনটি ডাকাতি মামলা রয়েছে বলে ওসি জানান।
উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে- একটি বিদেশি রিভলবার, একটি দেশি লম্বা বন্দুক, একটি দেশি লাইটগান (এলজি), পাঁচ রাউন্ড গুলি, দুটি কিরিচ ও একটি ছুরি।
পুলিশ কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, আটকৃতরা পুলিশকে বলেছেন- রফিক, বার্মাইয়া জাহেদ, গলাকাটা করিম, খায়ের, এরশাদ, রাশেদ, সিরাজ, গুরা পুতিয়া, হালিমসহ আরো ৭/৮ জন ডাকাত পালিয়ে গেছে।
এ ঘটনায় উখিয়া থানার এসআই গোলাম কিবরিয়া বাদি হয়ে উখিয়া থানায় মামলা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮০৪ ঘ.
bdnews24