নীলফামারী, ফেব্রুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ক্ষমতাসীন মহাজোটের শরিক জাতীয় পার্টি, জাসদ (ইনু) ও আওয়ামী লীগ সমর্থক যুবলীগ একই সময়ে একই স্থানে সভা ডাকায় নীলফামারীর জলঢাকায় প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।
শুক্রবার বিকাল ৪টায় জলঢাকা সদরের জিরো পয়েন্ট মোড়ে তিনপক্ষ সভা ডাকে। সকাল থেকেই তিন সংগঠনের কর্মীরা সদরে জড়ো হতে শুরু করে। বৃহস্পতিবার রাত থেকেই উত্তেজনা চলছিল।
আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে দুপুর ১২টা থেকে অনির্দিষ্টকালের জন্য ওই এলাকা ও আশপাশে সভা-সমাবেশ-মিছিল নিষিদ্ধ করা হয় বলে জানিয়েছেন জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সহিদল ইসলাম ভুঞা।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে সদরের বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
ইউএনও জানান, গ্রামীণ অবকাঠামো সংস্কার প্রকল্পের অনুকূলে বরাদ্দ করা চাল কেনা নিয়ে তিনপক্ষের মধ্যে বিরোধ চলছে। এর জের ধরেই তারা একই সময়ে একই স্থানে সভা আহ্বান করেছে।
জলঢাকা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় জানায়, চলতি অর্থবছরে উপজেলার ১০টি ইউনিয়নে গ্রামীণ অবকাঠামো সংস্কারে কাজের বিনিময়ে খাদ্য সূচির (কাবিখা) আওতায় ৪৩টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। ওই সব প্রকল্প বাস্তবায়নে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ৪৪৮ মেট্রিক চাল বরাদ্দ দিয়েছে।
স্থানীয় জাতীয় পার্টি, জাসদ ও যুবলীগের নেতারা প্রকল্প চেয়ারম্যানকে চাপ দিচ্ছেন তাদের কাছে চাল বিক্রি করে শ্রমিকদের টাকা দেওয়া হোক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৩৬ ঘ.
bdnews24