ঢাকা, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটিতে বৃহস্পতিবার রাতে অগ্নিকাণ্ডে দুইজন মহিলা ও শিশুসহ সাতজনের মৃত্যু হয়েছে। কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা এ কথা জানিয়েছেন।
দমকল বাহিনীর একজন কর্মকর্তা ও নিহতদের স্বজনরা গভীর রাতে জানান, অগ্নিকাণ্ডে দুই ভাই তরিকুল ইসলাম ও রফিকুল ইসলাম, তাদের দুইজনের স্ত্রী যথাক্রমে কানিজ ফাতেমা রূপা ও রাশিদা ইসলাম জুলি, তারিকুলের দুই সন্তান তারিক ইবনে ফাহিম ও আয়েশা এবং গৃহকর্মী রোজিনার মৃত্যু হয়েছে।
পুলিশ ও র্যাব সদস্যদের একটি দল নিহতদের স্বজনদের ১৪ তলায় নিয়ে গিয়ে তাদের পরিচয় নিশ্চিত করেন বলে জানা গেছে।
রফিকুল বেসরকারি একটি সংস্থার নির্বাহী। তরিকুল পেশায় পোল্ট্রি ফার্ম ব্যবসায়ী। ফাহিম রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণীর ছাত্র। আয়েশা মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের ১ম শ্রেণীর ছাত্রী। রোজিনার বাড়ি রংপুরের পীরগঞ্জে।
তারা সবাই জাপান গার্ডেন সিটির ৬ নম্বর ভবনের ১৪ তলার ১৪০২ নম্বর ফ্ল্যাটের বাসিন্দা।
নিহতদের স্বজনরা জানান, সাতভাই ও দু'বোনের মধ্যে রফিকুল সবার বড় ও তরিকুল চতুর্থ।
তাদের মা রাশিদা বেগম ১৯৯১ সালে জামায়াতে ইসলামীর সংরক্ষিত নারী আসনের সাংসদ ছিলেন। তাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জে।
শুক্রবার ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিহতদের সুরতহাল করে বিনা ময়নাতদন্তে লাশ ছোটভাই শহীদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়। এরপর লাশগুলো মোহাম্মদপুরে আল মারকাজুলে নিয়ে যাওয়া হয়।
এর আগে জাপান গার্ডেন সিটির ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক ডা. ইয়াহিয়া খন্দকার রাত ১টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি নিজে ১৪ তলার সিঁড়িতে সাতজনের মৃতদেহ পড়ে থাকতে দেখেছি। এদের মধ্যে তিনটি শিশু, দু'জন পুরুষ ও দু'জন মহিলা।
"ধারণা করা হচ্ছে তারা ১৪০২ নম্বর ফ্ল্যাটের বাসিন্দা। আগুন থেকে বাঁচতে তারা হয়তো ছাদে যাওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু সিঁড়িতেই ধোঁয়ায় দমবন্ধ হয়ে মারা গেছেন।"
বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে জাপান গার্ডেন সিটির ৬ নম্বর ভবনের ১১ তলায় আগুন লাগে। আগুন নেভাতে দমকল বাহিনীর ১৫টি ইউনিট সেখানে ছুটে যায়।
দমকল কর্মীরা রাত সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
এর আগে রাত পৌনে ১২টার দিকে দমকলের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু নাঈম মো. শহীদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখনও ডাম্পিং ডাউন (পুড়ে যাওয়া জিনিসপত্র সরানো) চলছে। তবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/ডিডি/এফএফ/এইচএ/১০২৯ ঘ.
bdnews24