২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিভিন্নস্থানে ছাত্রলীগের বিক্ষোভ-সমাবেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্মী হত্যা ও আবাসিক হলে হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বৃহস্পতিবার জামায়াত-শিবির বিরোধী বিক্ষোভ ও সমাবেশ হয়েছে।(আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2010, 02:51 PM

Updated : 24 Aug 2022, 06:44 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্মী হত্যা ও আবাসিক হলে হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বৃহস্পতিবার জামায়াত-শিবির বিরোধী বিক্ষোভ ও সমাবেশ হয়েছে। বিক্ষোভ সমাবেশে বক্তারা জামায়াত-শিবিরের রাজনীতি বন্ধের দাবি জানিয়েছেন। কোনো কোনো স্থানে জামায়াত কার্যালয়ে হামলা ও ভাংচুর হয়েছে। পিরোজপুরে ছাত্রলীগ-যুবলীগের মিছিলে জামাত-শিবিরের হামলায় সাতজন আহত হয়েছে। সাতক্ষীরায় আওয়ামী লীগের মিছিলে শিবিরের হামলায় আহত হয়েছেন তিনজন। এ ছাড়া হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে সিরাজগঞ্জে এক শিবির নেতাকে পুলিশ গ্রেপ্তার করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধির পাঠানো সংবাদ- ঝিনাইদহ: ছাত্রলীগের একটি শোক মিছিল দুপুরে ঝিনাইদহ শহর প্রদক্ষিণ করে সরকারি কেসি কলেজে এসে শেষ হয়। মিছিল শেষে কিছু ছাত্রলীগ কর্মী শহরের বেপারি পাড়ায় শিবির পরিচালিত দুইটি কোচিং সেন্টার ও এক জামায়াত কর্মীর দোকানে হামলা চালায় বলে পুলিশ জানিয়েছে। পুলিশ সুপারিনটেনডেন্ট মো. রেজাউল করিম বলেন, হামলাকারীরা কোচিং সেন্টার দু'টি থেকে শিবিরকর্মীদের বিছানা ও বইপত্র বাইরে এনে আগুন ধরিয়ে দেয়। সাতক্ষীরা: দুপুরে সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রলীগের একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা ছাত্রলীগ কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। সমাবেশে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিহত ফারুকের রুহের মাগফেরাত কামনা করে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানান নেতারা। তারা কলেজ ক্যাম্পাসে ছাত্র শিবিরের রাজনীতি বন্ধ করারও দাবি জানান। চাঁদপুর: দুপুরে শহরে ছাত্রলীগ বিক্ষোভ মিছিল করেছে। চাঁদপুর সরকারি কলেজ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কলেজ ক্যাম্পাসে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে নেতারা শিবিরকে নিষিদ্ধ করার দাবি জানান। নীলফামারী: নীলফামারীতে শিবির প্রতিরোধ কর্মসুচি ঘোষণা করেছে ছাত্রলীগ। কর্মসুচীর অংশ হিসেবে নীলফামারী সরকারি কলেজে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে। বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত একঘণ্টার মানবন্ধনের সময় কলেজের সাধারণ ছাত্রছাত্রীরাও অংশ নেয়। পরে বিক্ষোভ মিছিল কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ এবং পরে প্রতিবাদ সভায় করে। জামালপুর: দুপুরে জামালপুর আশেক মাহমুদ বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্রলীগ বিক্ষোভ মিছিল, সমাবেশ ও কালো ব্যাজ ধারণ করেছে। এই ক্যাস্পাসে তারা শিবিরকে প্রতিহত করার ঘোষণা দিয়েছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ এনে রাজশাহীর পুলিশ সুপারিনটেনডেন্টের অপসারণও দাবি করে। কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় ছাত্রলীগ ও জামায়াত একে অপরকে হামলার জন্য দায়ী করেছে। উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ শাহজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর দেড়টার দিকে তারা নামাজ পড়তে গেলে ছাত্রলীগ নেতা-কর্মীরা উপজেলা জামায়াত কার্যালয়ে হামলা ও ভাংচুর চালায়। এদিকে জেলা ছাত্রলীগ সভাপতি নুরুল আজিম কনক বলেন, ছাত্রলীগ জামায়াত কার্যালয়ে হামলা করেনি। ছাত্র শিবিরই তাদের সমাবেশে হামলা চালিয়েছে। তিনি বলেন, উখিয়া ছাত্রলীগ জামায়াত কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ আহবান করেছিল। নেতা-কর্মীরা সমাবেশের প্রস্তুতি নেওয়ার সময় শিবির হামলা চালায়। উখিয়া থানার উপ-পরিদর্শক শওকত হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে জামায়াত কার্যালয়ের চেয়ার টেবিল আলমিরা ভাঙা অবস্থায় দেখেছে। তবে এখনো কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি বলে তিনি জানান। নেত্রকোনা: জেলা ছাত্রলীগ সকালে শহরের ছোটবাজারের কার্যালয় থেকে শোক র‌্যালি বের করেছে। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কার্যালয়ে এসে শেষ হয়। সভায় বক্তারা জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানান। খাগড়াছড়ি: দুপুরে ছাত্রলীগের একটি বিক্ষোভ মিছিল শহরের চেঙ্গী স্কোয়ার হয়ে তাদের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এরপর ওখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা ছাত্রলীগের একটি বিক্ষোভ মিছিল সন্ধ্যা সাড়ে ৭টায় পাবলিক লাইব্রেরি মাঠ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় তারা উপজেলা জামায়াত কার্যালয়ে হামলা করে আসবাবপত্র, বাইসাইকেল ও কাগজপত্রে আগুন দেয়। সাদুল্লাপুর থানার সহকারী উপপরিদর্শক মফিজ উদ্দিন শেখ বলেন, পুলিশ এসে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। পিরোজপুর: পিরোজপুরের জিয়ানগর উপজেলায় দুপুরে ছাত্রলীগ ও যুবলীগের প্রতিবাদ মিছিলে জামাত-শিবিরের হামলায় সাতজন আহত হয়েছে। এরমধ্যে বালিপাড়া ইউনিয়ন যুবলীগ সভাপতি নাসির সেপাই, পত্তাশী ইউনিয়ন যুবলীগ সভাপতি একরামুল সিকদার ও উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রিপন সিকদারকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া হারুন অর রশিদ (৫২), মাসুদ (২৫), বাদশা (৩০) ও মনিরুজ্জামানকে (৫৫) প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ হামলার প্রতিবাদে বেলা ১টার দিকে উত্তেজিত জনতা উপজেলা জামায়াত কার্যালয়ে হামলা চালায়। জিয়া নগর থানার ওসি আ. রাজ্জাক বলেন, এ ঘটনায় এখনো মামলা হয়নি। মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ শহর, রামপাল, টঙ্গীবাড়ি, সিরাজদিখান, লৌহজং ও শ্রীনগরসহ জেলার স্থানে মিছিল ও সমাবেশ হয়েছে। সমাবেশে বক্তারা জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ ও শিবির ক্যাডারদের গ্রেফপ্তার করে শাস্তির দাবি জানান। শরীয়তপুর: বিকালে যুবলীগ-ছাত্রলীগ নেতা-কর্মীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে গোসাইরহাট উপজেলা জামায়াত অফিসে হামলা করে ব্যাপক ভাংচুর করেছে। এ সময় অফিসে বইপুস্তক ও প্রয়োজনীয় কাগজপত্রে আগুন দেয়। গোসাইরহাট থানার ওসি একরাম আলী মোল্লা বলেন, যুবলীগ কর্মীরা জামায়াত অফিসের চেয়ার টেবিল ভাংচুর করে প্রয়োজনীয় কাগজপত্রে আগুন দেয়। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। সাতক্ষীরা: সন্ধ্যায় সাতক্ষীরার দেবহাটায় আওয়ামী লীগের মিছিলে জামায়াত-শিবিরের ইট-পাটকেল নিক্ষেপ করেছে। এসময় ধাওয়া-পাল্টা ধাওয়া, ভাংচুর ও অগ্নিসংযোগ হয়। আহত তিনজন হলেন- দেবহাটা উপজেলা যুবলীগের সভাপতি ফারুক হোসেন রতন, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম ও যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক নির্মল কুমার মণ্ডল। দেবহাটা থানার ওসি শাহ-জাহান খান বলেন, আওয়ামী লীগের মিছিলে জামায়াত অফিস থেকে ইট-পাটকেল নিক্ষেপ করলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা জামায়াত অফিস ভাংচুর করে। আহতদের সখিপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও তিনি জানান। এদিকে বুধবার সন্ধ্যায় শ্যামনগরে ছাত্রশিবির অফিস এবং শিবির নিয়ন্ত্রিত একটি পাঠাগারে ভাংচুর হয় বলে জানিয়েছেন থানার ওসি ফজলুর রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৫০ ঘ.