২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রদলের সহযোগিতাও চাইলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

শিক্ষাঙ্গনে স্থিতিশীল অবস্থা বজায় রাখতে ছাত্রদলের সহযোগিতা প্রত্যাশা করছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2010, 12:02 PM

Updated : 24 Aug 2022, 06:39 PM

ঢাকা, ফেব্রুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষাঙ্গনে স্থিতিশীল অবস্থা বজায় রাখতে ছাত্রদলের সহযোগিতা প্রত্যাশা করছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে ছাত্র মৃত্যুর বিষয়ে তিনি বলেছেন, ঘটনাটি অনভিপ্রেত ও অনাকাক্সিক্ষত। গত সপ্তাহে আওয়ামী লীগ সমর্থিত ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের সময় আহত হয়ে পরে হাসপাতালে মারা যান ইসলামের ইতিহাস বিভাগের ছাত্র আবু বকর সিদ্দিক। এ মৃত্যুর ঘটনাকে 'স্বাভাবিক ও ঘটতেই পারে' মন্তব্য করে সমালোচনের মুখে পড়েন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। প্রতিমন্ত্রী রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, "ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে মৃত্যুর ঘটনা ঘটেছে তা অনভিপ্রেত। এটা কাক্সিক্ষত নয়। এখানে সরকার সমর্থিত এবং বিরোধী দলের সমর্থক যে ছাত্র সংগঠন রয়েছে- বিশ্ববিদ্যালয়ের সুন্দর পরিবেশ বজায় রাখতে তাদের এগিয়ে আসতে হবে।" এর আগে গত ১৮ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দুই পক্ষের কোন্দলের জের ধরে সহিংস সংঘাতে আহত হন সংগঠনের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। টুকুর ওপর হামলার সময় ছাত্রলীগের কর্মীদের সশস্ত্র অবস্থায় ক্যাম্পাসে দেখা গিয়েছিলো। ওই দুটি ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদলের ডাকা ধর্মঘটের কারণে রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস ব্যাহত হয়। আবু বকরের মৃত্যুর জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে রোববার স্বরাষ্ট্রমন্ত্রীও জানান। তিনি বলেন, "এ বিষয়ে মামলা হয়েছে, তদন্ত চলছে। দোষী যেই হোক না কেন, তাকে অবশ্যই শাস্তি দেওয়া হবে।" আবু বকরের সহপাঠিরা বলছেন, পুলিশের টিয়ার শেলের আঘাতই বকরের মৃত্যুর কারণ। অন্যদিকে পুলিশের দাবি, ওই মৃত্যুর কারণ ইটের আঘাত। সেদিন সংঘর্ষে জড়িত ছাত্রলীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে- জানতে চাওয়া হলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জড়িতদের সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঢাকা কলেজসহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ছাত্রভর্তিতে ছাত্রলীগের হস্তক্ষেপের বিষয়ে তিনি বলেন, "ছাত্রলীগের নাম নিয়ে অনেকে এ সব কাজ করছে। তারা ছাত্রলীগের ভুয়া কর্মী। তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। আইনি ব্যবস্থাও নেওয়া হবে।" স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাসিক পর্যালোচনা সভার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। সাহারা জানান, গত বছরের তুলনায় এ বছর মন্ত্রণালয়ে কাজের অগ্রগতি ১১ শতাংশ বেড়ে ৩৭ শতাংশ হয়েছে। পুলিশের যানবাহন সঙ্কট নিরসনে কয়েক মাসের মধ্যে প্রত্যেকটি থানায় দুটি করে গাড়ি ও মোটরবাইক দেওয়া হবে বলে জানান তিনি। তিনি বলেন, বিডিআর আইন প্রণয়নের কাজ চলছে এবং শিগগিরই তা সংসদে পাঠানো হবে। সাহারা জানান, ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগার স্থাপনের কাজ এগিয়ে চলছে। অন্যদিকে শিগগিরই আগারগাঁওয়ে ডিএনএ ল্যাবরেটরি স্থাপনের প্রক্রিয়া শুরু হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এফএফ/এমআই/১৭৫৭ ঘ.