হবিগঞ্জ, ফেব্রুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জের মাধবপুরে
শনিবার রাতে অগ্নিকাণ্ডে ৩০টি দোকান পুড়ে গেছে।
রাত দেড়টার দিকে মাধবপুর পশ্চিম বাজারে এ দুর্ঘটনা ঘটে বলে মাধবপুর দমকল বাহিনীর ইনচার্জ কাজল মিয়া জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাতে পশ্চিম বাজারে একটি তেলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর তেলের ড্রামগুলো বিস্ফোরিত হয়ে আগুন দ্রুত আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে।"
খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া, মাধবপুর ও হবিগঞ্জ জেলা সদর থেকে দমকল বাহিনীর তিনটি ইউনিট এসে আড়াই ঘণ্টার চেষ্টা চালিয়ে রাত ৪টার সময় আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত দোকানের মধ্যে রয়েছে চালের আড়ত, মুদির দোকান, ওষুধের দোকান, হার্ডওয়ার সামগ্রীর দোকান, চায়ের দোকান ইত্যাদি।
অগ্নিকাণ্ডে প্রায় দুকোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১১৪৮ ঘ.
bdnews24