২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্ঘটনায় চট্টগ্রাম কারা কর্মকর্তা নিহত

কক্সবাজারের চকোরিয়া উপজেলায় মাইক্রোবাস খাদে পড়ে ঘটনাস্থলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র সুপারিনটেনডেন্ট মোস্তাফিজুর রহমান (৪৫) নিহত হয়েছেন। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2010, 03:34 PM

Updated : 24 Aug 2022, 06:36 PM

কক্সবাজার, ফেব্রুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের চকোরিয়া উপজেলায় মাইক্রোবাস খাদে পড়ে ঘটনাস্থলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র সুপারিনটেনডেন্ট মোস্তাফিজুর রহমান (৪৫) নিহত হয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকের উপজেলার ডুলাহাজারা সাফারি পার্ক এলাকায় এ দুর্ঘটনায় আরো চারজন আহত হয়েছেন বলে জানিয়েছেন ডুলাহাজরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মামুন মিয়া। তিনি জানান, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার লেখা মাইক্রোবাসটি কক্সবাজার থেকে চট্টগ্রাম যাওয়ার পথে ডুলাহাজারা সাফারি পার্কের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ২০-৩০ গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনায় আহতদের দ্রুত চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়েছে। তবে তাদের অবস্থা তেমন গুরুতর নয় বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা মামুন মিয়া। মোস্তাফিজুর রহমানের লাশটি এখনো পর্যন্ত ডুলাহাজারা হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রয়েছে। চকোরিয়া থানার উপ-পরিদর্শক মো. আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আহতদের মধ্যে আছেন কারা কর্মকর্তার স্ত্রী, শাশুড়ি ও ছেলে। তিনি তাদের নাম জানাতে পারেননি। কক্সবাজার জেলা কারাগারের জেলার আনোয়ার হোসাইন জানান, তিনি ঘটনাস্থলে যাচ্ছেন। একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমএসবি/২২৪৫ ঘ.