ঢাকা, ফেব্র"য়ারি ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শরীয়তপুর ও সিরাজগঞ্জে ২৬টি দোকান পুড়ে গেছে। শরীয়তপুরে আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন সাতজন।
বুধবার রাত শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় অগ্নিকাণ্ডে ২০টি দোকান পুড়ে গেছে।
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় বৃহস্পতিবার ভোরে আগুনে পুড়ে গেছে ৬টি দোকান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর:
শরীয়তপুর: ডামুড্যা উপজেলার মঠেরহাট বাজারে রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আগুন নেভাতে গিয়ে আহতরা হলেন- কমল বাবু (৪০), খালেক শিকদার (৬০), ইসমাইল হোসেন (২২), মাসুদ (২০), মতলেব আকন (৫৫), দুলাল সরদার (৪৫) ও জহির বেপারী (২২)।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুর রাজ্জাক পিন্টু সাংবাদিকদের জানান, রাতে আব্দুল মৃধার মুদি দোকানে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। পরে দ্রুত তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রায় চার ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত দোকানের মধ্যে রয়েছে- প্রসাধনসামগ্রী, কাপড়, কনফেকশনারি, ওষুধ, হার্ডওয়ারসামগ্রী, রেস্টুরেন্ট, মুরগী, সেলুন ও মুদির দোকান।
আগুনে এক কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে ব্যসায়ীরা দাবি করেছেন।
স্থানীয়রা অভিযোগ করেন, আগুন লাগার পরপরই শরীয়তপুর দমকল বাহিনীকে খবর দেওয়া হলেও তারা আসেনি। এমনকি পল্লী বিদ্যুৎ কেন্দ্রে অভিযোগ করলেও তারা কোনো সহযোগিতা করেনি।
তবে দমকল বাহিনীর স্টেশন অফিসার মো. রবিউল্লাহ এ অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের বলেন, খবর পেয়ে দমকল বাহিনী নিয়ে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।
আহতদের মধ্যে অগ্নিদগ্ধ ইসমাইল হোসেনের অবস্থা আশংকাজনক। তাকে ডামুড্যা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ডামুড্যা উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. মনিরুজ্জান, সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (গোসাইরহাট সার্কেল) মো. রাসেদুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সিরাজগঞ্জ: তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়নের কোন্দুল বাজারে অগ্নিকাণ্ডে ৬টি দোকান পুড়ে গেছে।
তাড়াশ থানার ওসি মো. মোখলেসুর রহমান সাংবাদিকদের জানান, ভোরে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। এতে চারটি মুদির দোকান ও দুটি চায়ের দোকান সম্পূর্ণ পুড়ে যায়। এলাকাবাসী প্রায় ৪-৫ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
এলাকাটি চলনবিলের প্রত্যন্ত অঞ্চল হওয়ায় দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি বলেও ওসি জানান।
আগুনে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমএসবি/১৬০৭ ঘ.
bdnews24