জামালপুর, ফেব্র"য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধের সময় হত্যাচেষ্টা, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে জামালপুরে সাত 'রাজাকার'র বিরুদ্ধে মামলা হয়েছে।
জামালপুরের সিনিয়র বিচার বিভাগীয় হাকিম আদালতে বৃহস্পতিবার মামলাটি করেন দেওয়ানগঞ্জ উপজেলার নয়া গ্রামের প্রয়াত বাবর আলীর ছেলে সাইফুর রহমান সুজন।
বিচারক রাশেদুল ইসলাম তালুকদার মামলাটি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেওয়ানগঞ্জ থানাকে নির্দেশ দেন।
আসামিরা হলেন- দেওয়ানগঞ্জ উপজেলার নয়া গ্রামের জাকির হোসেন, একরামূল হক, জিয়াউল হক তারা, মাহমুদুল হক মিঠু, আব্দুর রউফ দুদু, হামিদুল হক ও আব্দুর রশীদ।
মামলার নথি থেকে জানা যায়, মুক্তিযুদ্ধের সময় আসামিরা রাজাকার ও আল বদর বাহিনীর সক্রিয় সদস্য ছিল। মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করায় তারা ১৯৭১ সালের ৩০ নভেম্বর তারা বাদীর বাবা বাবর আলী ও চাচা লাল চান দেওয়ানকে হত্যার জন্য রাইফেল দিয়ে গুলি করে। এ সময় তারা প্রাণে বেঁচে গেলেও আসামিরা পাঁচটি বাড়িতে আগুন দেয় এবং লুটপাট করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৪৩ ঘ.
bdnews24