নওগাঁ, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিরাজগঞ্জে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সমাবেশস্থলের কাছে ট্রেনে কাটা পড়ে মৃত্যু ও ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় নওগাঁ থেকে দলটির আরো এক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
এ নিয়ে নওগাঁর বিএনপির চার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হলো।
বুধবার সন্ধ্যায় জেলার মহাদেবপুর উপজেলার সফাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য রিয়াজ উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ।
তিনি সফাপুর গ্রামের অহির উদ্দিনের ছেলে।
মহাদেবপুর থানার ওসি নূর ইসলাম সাংবাদিকদের জানান, রিয়াজকে সিরাজগঞ্জের মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
মহাদেবপুর উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক আব্দুস ছাত্তার নাননু জানান, রিয়াজ বিএনপি'র সক্রিয় সমর্থক এবং তার ভাই আজাহার আলী ইউনিয়ন বিএনপি'র সাংগঠনিক সম্পাদক।
এর আগে পুলিশ সিরাজগঞ্জের মামলায় সফাপুর থেকে ইউসুফ আলী ও নজরুল ইসলাম নামে স্থানীয় বিএনপির দুই নেতাকে গ্রেপ্তার করে।
এছাড়া মহাদেবপুর সদর থেকে গ্রেপ্তার করে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান টিক্কাকে।
গত ১১ অক্টোবর সিরাজগঞ্জের সয়দাবাদে খালেদা জিয়ার সমাবেশস্থলের কাছে ট্রেনে কাটা পড়ে মারা যান সাতজন। ঘটনার পর লোকজন ট্রেনটি থামিয়ে আগুন ধরিয়ে দেয় এবং গার্ড ও চালকে মারধর করে।
এ ঘটনায় বেশ কয়েকটি মামলা হয়েছে। এসব মামলায় বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় ৩৮ নেতার নাম উল্লেখসহ কয়েক হাজার নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
এ পর্যন্ত ৮০ জনের বেশি লোককে গ্রেপ্তার করেছে পুলিশ।
এদিকে, সিরাজগঞ্জের মামলায় বিএনপি কর্মীকে রিয়াজকে গ্রেপ্তারের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন সংসদের সাবেক ডেপুটি স্পিকার ও বিএনপির সংসদ সদস্য আখতার হামিদ সিদ্দিকী।
তিনি অভিযোগ করেন, সিরাজগঞ্জের মামলায় উত্তরাঞ্চলের আর কোথাও কাউকে গ্রেপ্তার না করলেও মহাদেবপুর থানা পুলিশ উদ্দেশ্যপ্রণোদিতভাবে বেছে বেছে বিএনপি'র সক্রিয় নেতা, কর্মী ও সমর্থকদের গ্রেপ্তার করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১০৩ ঘ.
bdnews24