ঢাকা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক স্পিকার জমিরউদ্দিন সরকার, ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী এবং বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনসহ চারজনের বিরুদ্ধে পাঁচটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এর মধ্যে সাবেক স্পিকার এবং বর্তমান বিএনপি দলীয় সাংসদ জমিরউদ্দিনের বিরুদ্ধে মামলা হয়েছে পাঁচটি। বিএনপি মহাসচিব ও সাবেক চিফ হুইপ খোন্দকার দেলোয়ার হোসেনের বিরুদ্ধে তিনটি, সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকীর বিরুদ্ধে একটি এবং জাতীয় সংসদের তৎকালীন প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা আশরাফুল ইসলামের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে।
মামলাগুলোতে চিকিৎসার নামে সরকারি অর্থ আত্মসাৎ, সরকারি বাসভবনের আসবাবপত্র সরিয়ে ফেলা এবং অতিরিক্ত বিদ্যুৎ-গ্যাস বিল উত্তোলনের অভিযোগ আনা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর শেরে বাংলা নগর থানায় মামলাগুলো করেন দুদকের উপ-পরিচালক মনিরুজ্জামান খান এবং উপ-সহকারী পরিচালক এস এম খবিরউদ্দিন।
শেরে বাংলা নগর থানার ওসি রিয়াজ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুদকের কর্তকর্তাদের পাঁচটি অভিযোগ মামলা হিসাবে গ্রহণ করা হয়েছে।"
পাঁচ মামলা
বিদেশে চিকিৎসার নামে অবৈধভাবে সংসদের টাকা আত্মসাতের অভিযোগে জমিরউদ্দিন সরকার এবং আশরাফুল ইসলামের বিরুদ্ধে মামলা করেছেন দুদকের উপ-পরিচালক মনিরুজ্জামান খান।
২০০৬ সালের সংসদের তহবিল থেকে বিদেশে চিকিৎসার বিল দেখিয়ে ২৭ লাখ ৮৬ হাজার তিনশ ৬৪ টাকা উত্তোলন করেন জমিরউদ্দিন সরকার।
এতে অভিযোগ করা হয়, বিদেশে চিকিৎসার অর্থ প্রধানমন্ত্রী অনুমোদন করার নিয়ম থাকলেও এখানে তা করা হয়নি। বরং অবৈধভাবে স্পিকার বিল করেন এবং হিসাবরক্ষণ কর্মকর্তা তা অনুমোদন করেন ও অর্থ দেন।
একইভাবে ছয় লাখ টাকা আত্মসাতের অভিযোগে দেলোয়ার হোসেন, জমিরউদ্দিন সরকার ও আশরাফুল ইসলামের বিরুদ্ধে মামলা করেছেন দুদকের উপ-সহকারী পরিচালক এসএম খবিরউদ্দিন। ২০০৬ সালে এ ঘটনা ঘটেছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
তিনি একই অভিযোগে তৎকালীন আখতার হামিদ সিদ্দিকী ও জমিরউদ্দিন সরকারের বিরুদ্ধে আরেকটি মামলা করেছেন। এতে ২০০৮ সালে এক লাখ ২১ হাজার সাতশ তিন টাকা ৫৯ পয়সা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
চীফ হুইপ হিসাবে সংসদ সচিবালয় থেকে নেওয়া আসবাবপত্র ফেরত না দেওয়ার অভিযোগে খোন্দকার দেলোয়ার হোসেনের বিরুদ্ধে আরেকটি মামলা করেছেন খবিরউদ্দিন। এটি অনুমোদন করায় এ মামলায় স্পিকার জমিরউদ্দিনকেও আসামী করা হয়েছে। আত্মসাতকৃত আসবাবপত্রের মোট মূল্য ছয় লাখ নয় হাজার ছয়শ ৬২ টাকা বলে উল্লেখ করা হয়েছে।
এছাড়া উপ-পরিচালক মনিরুজ্জামান খান অতিরিক্ত বিদ্যুৎ ও গ্যাস বিল উত্তোলনের অভিযোগে খোন্দকার দেলোয়ার হোসেন ও জমিরউদ্দিন সরকারের বিরুদ্ধে আরেকটি মামলা করেছেন। এতে চার লাখ ৪০ হাজার ৮৭ টাকা ৫০ পয়সা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
মামলায় বলা হয়, চীফ হুইপ হিসাবে শুধু নিজ বাসার বিদ্যুৎ ও গ্যাস বিল নেওয়ার নিয়ম থাকলেও দেলোয়ার হোসেন তার শরৎচন্দ্র চক্রবর্তী লেনের পাঁচতলা বাড়ির পুরো বিল তুলে নিয়েছেন।
অষ্টম জাতীয় সংসদের স্পিকার জমিরউদ্দিন সরকারের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তদন্তে আওয়ামী লীগের সাংসদ ফজলে রাব্বী মিয়াকে প্রধান করে গত বছরের ১৯ মার্চ ১১ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
অভিযোগের সত্যতা পাওয়ায় একই বছরের ৯ জুলাই ওই কমিটি তাদের প্রতিবেদনে জমিরউদ্দিনের সংসদ সদস্য পদ খারিজের সুপারিশ করে।
একইসঙ্গে কমিটির প্রতিবেদনে সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী এবং সাবেক প্রধান হুইপ খোন্দকার দেলোয়ার হোসেনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও সুপারিশ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/পিসি/পিডি/২০২৪ ঘ.
bdnews24