খাগড়াছড়ি, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বিচার কার্যক্রম স্থগিত করার দাবিতে মানববন্ধন করেছে খগড়াছড়ি ও রাঙামাটির কয়েকটি সংগঠন।
ভূমিবিরোধ সংক্রান্ত আবেদনের নিষ্পত্তির লক্ষ্যে সোমবার থেকে খাগড়াছড়িতে তিনদিনের বিচারিক সভা করবে পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশন।
খাগড়াছড়িতে কমিশনের প্রধান কার্যালয়ে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সংসদ উপনেতা ও পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান সৈয়দা সাজেদা চৌধুরী।
সভাপতিত্ব করবেন পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশনের চেয়ারম্যান বিচারপতি খাদেমুল ইসলাম।
রোববার দুপুর ১২টার দিকে খাগড়াছড়ি জেলা প্রেসক্লাবের সামনে ছয়টি সংগঠন এই কার্যক্রম স্থগিত করার দাবিতে যৌথভাবে মানববন্ধন করে।
সংগঠনগুলো হচ্ছে- পার্বত্য চট্টগ্রাম জুম্ম শরণার্থী কল্যাণ সমিতি, খাগড়াছড়ি জেলা হেডম্যান অ্যাসোসিয়েশন, জেলা কার্বারী অ্যাসোসিয়েশন, পার্বত্য চট্টগ্রাম 'ক' অঞ্চলের বাংলাদেশ আদিবাসী ফোরাম, পার্বত্য চট্টগ্রাম বন ও ভূমি সংরক্ষণ আন্দোলন কমিটি ও খাগড়াছড়ি নাগরিক কমিটি।
মাবনবন্ধন কর্মসূচিতে বক্তারা পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন আইন ২০০১ সংশোধন, বিধিমালা প্রণয়ন ও পার্বত্য চট্টগ্রামের প্রচলিত আইন, পদ্ধতি ও রীতি নির্ধারিত হওয়ার আগে বিচারের শুনানি স্থগিত রাখার দাবি জানান।
অপরদিকে একই দাবিতে শহরের মহাজন পাড়ায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) পৃথকভাবে দুপুর ১২টার দিকে মানববন্ধন করে।
এর আগে সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কমিশনের শুনানি স্থগিত রাখার দাবি জানিয়ে রাঙামাটি জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছে কয়েকটি সংগঠন।
রাঙামাটি প্রতিনিধি জানান, দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের পাশে মানববন্ধন করেছে পার্বত্য নাগরিক কমিটিসহ কয়েকটি সংগঠন।
আধঘণ্টার এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য দেন- পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটি নেতা মং সানু চৌধুরী, এমএন লারমা মোমোরিয়াল ফাউন্ডেশনের সভাপতি মঙ্গল কুমার চাকমা প্রমুখ।
এর আগে নেতারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/১৮৪৩ ঘ.
bdnews24