২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষণ মামলা তুলে নিতে হুমকি

নীলফামারী সদর উপজেলায় শিশু ধর্ষণ মামলার আসামিকে তিনদিনেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2010, 02:54 PM

Updated : 25 Aug 2022, 07:50 PM

নীলফামারী, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নীলফামারী সদর উপজেলায় শিশু ধর্ষণ মামলার আসামিকে তিনদিনেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। উল্টো অভিযুক্ত ধর্ষক মামলা তুলে নিতে শিশুটির পরিবারকে হুমকি দিচ্ছে। পুলিশ বলেছে, আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মামলা এজাহারের বরাত দিয়ে পুলিশ জানায়, সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের আতিয়ার রহমান টন্নার মেয়েকে (১৪) শুক্রবার রাতে অস্ত্রের মুখে ধর্ষণ করে প্রতিবেশী হাফিজুর রহমানের ছেলে ওবায়দুর রহমান বাদশা (১৮)। এ ঘটনায় শনিবার নীলফামী সদর থানায় একটি মামলা হয়েছে। ইতোমধ্যে ধর্ষণের শিকার মেয়েটির ডাক্তারি পরীক্ষা হয়েছে। ধর্ষিতা সাংবাদিকদের কাছে অভিযোগ করেছে, ধর্ষক টাকাওয়ালা লোক। টাকা দিয়ে থানাকে 'ম্যানেজ' করার চেষ্টা করছে। মামলা তুলে নেওয়ার জন্য নানাভাবে তার পরিবারকে হুমকিও দিচ্ছে। নীলফামারী সদর থানার ওসি নূরুল ইসলাম জানান, অভিযুক্ত বাদশাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। যদি সে বাদিকে হুমকি দিয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৪৭ ঘ.