ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিরপুরে ছিনতাইকারীর গুলিতে এক ব্যবসায়ী আহত হয়েছেন।
মুরাদ হোসেন (২৫) নামের এই আহত ব্যবসায়ীকে রোববার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মুরাদ হাসপাতালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার সকালে মিরপুর দশ নম্বর গোল চত্বর এলাকায় ইসলামি ব্যাংক শাখা থেকে টাকা উত্তোলন করে রিকশাযোগে পল্লবী এ ব্লকে বাসায় ফেরার পথে তিন ছিনতাইকারী রিকশা থামাতে বলে। রিকশা না থামায় ছিনতাইকারীরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি তার কোমড়ে বিদ্ধ হয়।
মুরাদের প্রতিবেশী মুন্না তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
মুন্না বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মুরাদ বেনারশী শাড়ি ব্যবসায়ী। মিরপুর এলাকায় তিনি শাড়ির ব্যবসা করেন।
পল্লবী থানা পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি গুলিভর্তি একটি বিদেশি পিস্তলসহ সুমন (২৮) নামের এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে।
পল্লবী থানার উপ পরিদর্শক ফিরোজ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ছিনতাইকারীদের একটি চক্র প্রায়ই ব্যাংক থেকে টাকা নিয়ে যাওয়ার পথে ব্যবসায়ীদের ছিনতাই করে। এই চক্রের একজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এসআইএম/কেএমএস/১৯৩৯ ঘ.
bdnews24