২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দুপুরের পর যান চলাচল বেড়েছে

বিএনপির ডাকা রোববারের হরতাল চলাকালে দুপুর থেকেই চট্টগ্রাম নগরীতে যানবাহন চলাচল করতে শুরু করেছে। বেলা ৩টায় থেকে প্রায় সব ধরনের যানবাহন চলাচল করতে দেখা গেছে বিভিন্ন সড়কে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2010, 10:54 AM

Updated : 25 Aug 2022, 07:49 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির ডাকা রোববারের হরতাল চলাকালে দুপুর থেকেই চট্টগ্রাম নগরীতে যানবাহন চলাচল করতে শুরু করেছে। বেলা ৩টায় থেকে প্রায় সব ধরনের যানবাহন চলাচল করতে দেখা গেছে বিভিন্ন সড়কে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য যুদ্ধাপরাধে অভিযুক্ত সালাউদ্দিন কাদের চৌধুরীকে গ্রেপ্তারের প্রতিবাদে রোববার দিনব্যাপী এ হরতাল ডাকা হয়। তবে হরতালের সমর্থনে রাজপথে বিএনপি নেতা-কর্মীদের তেমন কোনো উপস্থিতি দেখা যাননি। হরতালের সকালে নগরীর সব সড়কে প্রচুর রিকশা চলাচল করতে দেখা যায়; প্রধান প্রধান সড়কে অল্প সংখ্যক যান চলাচল করে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে যানবাহনের সংখ্যা। চট্টগ্রাম ইপিজেডের একটি তৈরি পোশাক কারখানার কর্মচারী জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকালে শ্রমিকদের বহনকারী বাস চলেনি। তাই রিকশা নিয়ে কাস্টমস মোড় থেকে কাজে এসেছি। অবশ্য সকালে কিছু গাড়ি চলাচল করেছে।" বেলা ১১টার দিকে নগরীর ওয়াসার মোড়ে অল্প সংখ্যক সিএনজি অটোরিকশা, হজযাত্রী পরিবহনকারী মাইক্রেবাস, হিউম্যান হলার ও বাস চলাচল করতে দেখা যায়। দুপুর ১২টার পর থেকে সেখানে যানবাহনের সংখ্যা বাড়তে থাকে। এসময় বহদ্দারহাট-পতেঙ্গা সড়ক, নিউমার্কেট মোড়, কাজীর দেউরিসহ বেশ কিছু সড়কে টেম্পু, সিএনজি অটোরিকশা ও বাস চলাচল শুরু করে। হালিশহর এলাকার বাসিন্দা ব্যবসায়ী শাহরিয়ার হাসান দুপুর ২টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকালে আতঙ্কের কারণে গাড়ি বের করিনি। তবে যারা হরতাল ডেকেছে তারা কেউ রাস্তায় নেই। তাই নিজের প্রাইভেট কার নিয়ে মুরাদপুর যাচ্ছি।" তিনি বলেন, "যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারকৃত একজনের জন্য ডাকা হরতাল মানুষ সমর্থন করে না। তবে সকালে হয়তো অনেকে আতঙ্কে গাড়ি বের করেনি। এখন পরিস্থিতি স্বাভাবিক দেখে গাড়ি বের করছে।" নিউমার্কেট মোড় এলাকায় দুপুর আড়াইটায় কথা হয় পাথরঘাটা এলাকার বসিন্দা কল্লোল নন্দীর সঙ্গে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, সকাল থেকেই নিউমার্কেট এলাকায় কিছু কিছু গাড়ি চলাচল করেছে। "হরতাল ডেকে ঘরে বসে থাকলে হরতাল হয় না কি?" বলেন তিনি। সালাউদ্দিন কাদেরকে গ্রেপ্তারের প্রতিবাদে বিএনপি চট্টগ্রামে রোববার সকাল- সন্ধ্যা হরতাল ডাকলেও নগরীর কোথাও হরতালের সমর্থনে পিকেটিং দেখা যায় নি। সকালে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে নেতা-কর্মীরা একটি মিছিল বের করার চেষ্টা করে। তবে পুলিশের বাধার কারণে তারা মিছিল করতে পারেনি। এরপর নেতা-কর্মীরা আমীর খসরু মাহমুদ চৌধুরীর মেহেদীবাগস্থ বাসভবনে অবস্থান নেন। সকাল থেকেই নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে অবস্থান নেয় পুলিশ। বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমান ও মীর মোহাম্মদ নাছির উদ্দিনের অনুসারীদের কেউই রোববার সকাল থেকে দলীয় কার্যালয়ে যাননি। বিকাল সাড়ে ৩টায় বিএনপির কার্যালয়ে কর্তব্যরত পুলিশ সদস্যদের গল্পে ব্যস্ত থাকতে দেখা যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এজে/১৬৪৪ ঘ.