২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৩ হাজার রাউন্ড গুলি উদ্ধার শেরপুর সীমান্তে

শেরপুরে ভারত সীমান্তবর্তী গ্রামের একটি বাড়ি থেকে আটটি বস্তায় রাখা ১৩ হাজার রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করেছে পুলিশ। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2010, 07:46 AM

Updated : 25 Aug 2022, 07:49 PM

শেরপুর, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুরে ভারত সীমান্তবর্তী গ্রামের একটি বাড়ি থেকে আটটি বস্তায় রাখা ১৩ হাজার রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ৮টার দিকে ঝিনাইগাতির বাকাঁকুড়া গুচ্ছগ্রামের একটি ঘর থেকে এ বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয় বলে শেরপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. আনিসুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন। তিনি বলেন, আটটি বস্তায় ৫৭ প্যাকেটে ১৩ হাজার ৬৮০ রাউন্ড গুলি পাওয়া গেছে। এ গুলির উৎস কী- তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। পুলিশ কর্মকর্তা আনিসুর বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে একটি মামলা হয়েছে। তবে এর সঙ্গে জড়িত কাউকে চিহ্নিত কিংবা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ঝিনাইগাতীর থানার ওসি আব্দুর রব প্রধান সাংবাদিকদের বলেন, "শুক্রবার রাতে গুচ্ছগ্রামের অছির উদ্দিনের পরিত্যক্ত ঘরে কে বা কারা আটটি বস্তা ফেলে যায়। শব্দ শুনে অছির অন্য ঘর থেকে বেরিয়ে এলে অপরিচিত এক ব্যক্তিকে দেখতে পায়। ওই ব্যক্তি অছিরকে খুন-জখমের ভয় দেখিয়ে পালিয়ে যায়।" অছির বস্তা দেখে এ বিষয়ে থানায় খবর দিলে পুলিশ গিয়ে গুলিগুলো জব্দ করে। প্লাস্টিকের ছেড়া বস্তায় লুকানো অবস্থায় গুলির ৫৭টি প্যাকেট পাওয়া যায়। গুলিগুলো পরে ঝিনাইগাতি থানায় নিয়ে গণনা করা হয়। এগুলো এখন শেরপুর থানার মালখানায় রয়েছে। পুলিশ জানিয়েছে, গুলিগুলো চাইনিজ রাইফেল ও এসএমজিতে ব্যবহার করা হয়। এগুলো কোন দেশে তৈরি তা লেখা নেই। গুলির গায়ে ৮১১৯৩-৯৪ লেখা রয়েছে। গুলি উদ্ধারের ঘটনায় মামলা করেছেন ঝিনাইগাতির থানার উপপরিদর্শক তাজুল ইসলাম। এর তদন্ত করবেন ওই থানারই উপপরিদর্শক গিয়াস উদ্দিন। পুলিশ কর্মকর্তা আনিসুর বলেন, "গুলিগুলো কোথা থেকে আনা হয়েছে, কারা এনেছে এবং কী জন্য এনেছে- এসব বিষয় তদন্তের পর জানা যাবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১৩৪৫ ঘ.