২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজয় দিবসে যুদ্ধাপরাধের বিচার ত্বরান্বিত করার দাবি

এক বছর আগে বিজয় দিবসে যুদ্ধাপরাধীদের বিচারের উদ্যোগ নেওয়ার জোর দাবি ওঠে। এবার দাবি উঠেছে বিচার ত্বরান্বিত করার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2010, 05:30 PM

Updated : 25 Aug 2022, 07:48 PM

ঢাকা, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক বছর আগে বিজয় দিবসে যুদ্ধাপরাধীদের বিচারের উদ্যোগ নেওয়ার জোর দাবি ওঠে। এবার দাবি উঠেছে বিচার ত্বরান্বিত করার। যথাযোগ্য মর্যাদায় ও উৎসব আমেজে বৃহস্পতিবার বিজয় দিবস উদযাপনকালে বিভিন্ন সংগঠন ও জনতা এই দাবি উত্থাপন করে। রাজধানীসহ সারা দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বিজয় দিবস। ১৯৭১ সালে এই দিনে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে বিশ্বের মানচিত্রে নতুন দেশ হিসেবে আবির্ভূত হয় বাংলাদেশ। বৃহস্পতিবার প্রত্যুষে তেজগাঁও পুরনো বিমান বন্দর এলাকায় ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়। সকাল সাড়ে ৬টার দিকে সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে স্বাধীনতা সংগ্রামে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিন বাহিনীর সুসজ্জিত একটি দল গার্ড অব অনার প্রদান করে। বিউগলে বেজে উঠে করুন সুর। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। মন্ত্রিপরিষদ সদস্য, তিন বাহিনীর প্রধান, কূটনীতিক, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন। পরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। তারা যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সাথে কথা বলেন। বিরোধী দলের নেতা খালেদা জিয়া সকাল সোয়া ৭টায় জাতীয় স্মৃতিসৌধে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। এসময় বিএনপির সিনিয়র নেতারা তার সঙ্গে ছিলেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী চলে যাওয়ার পর জাতীয় স্মৃতিসৌধ সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। সেখানে নামে হাজারো মানুষের ঢল। বীরশ্রেষ্ঠদের পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা, বাংলাদেশে নিযুক্ত বিদেশি কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক-সেচ্ছাসেবী সংগঠনসহ সর্বস্তরের জনগণের শ্রদ্ধার ফুলে ভরে উঠে স্মৃতিসৌধের বেদি। সকাল ৯টায় জাতীয় প্যারেড স্কয়ারে অনুষ্ঠিত হয় সম্মিলিত বাহিনীর কুচকাওয়াজ। মুক্তিযোদ্ধা, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, বিএনসিসি, বাংলাদেশ রাইফেলস, পুলিশ, র‌্যাব, আনসার ও ভিডিপি, কোস্টগার্ড, কারারক্ষী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা কুচকাওয়াজে অংশ নেন। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুচকাওয়াজ প্রত্যক্ষ করেন। মন্ত্রিপরিষদ সদস্য, কূটনীতিক, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা কুচকাওয়াজে উপস্থিত ছিলেন। সাধারণ মানুষ সম্মিলিত বাহিনীর এই বর্ণাঢ্য কুচকাওয়াজ উপভোগ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও ধানমণ্ডির রবীন্দ্র সরোবরে ছিল মানুষের ঢল। উৎসবস্থল বা মিছিলে যোগ দেওয়া শিশু-কিশোর, তরুণ-তরুণীরা জাতীয় পতাকার রঙের পোশাক পরে বা পতাকা মাথায় বেধে সাজিয়ে তুলেছিলেন নিজেদের। বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে পাড়ায় পাড়ায় মাইকে দিনভর বাজে দেশাত্মবোধক গান ও স্বাধীনতা সংগ্রামের নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ। শহীদদের স্মৃতির প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর সময় বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের হাতে ছিলো যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবি যুক্ত প্ল্যাকার্ড। তাতে লেখা ছিলো 'অবিলম্বে যুদ্ধাপরাধীদের ফাঁসি কার্যকর কর', 'আর কোনো বিজয় দিবস খুনিদের সাথে নয়', 'যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত কর' ইত্যাদি স্লোগান। মানুষের মুখে মুখে ছিল আগামী বিজয় দিবসের আগেই স্বাধীনতাবিরোধীদের নির্মূলের দাবি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আতিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আগামী বিজয় দিবসের আগেই যুদ্ধাপরাধীদের বিচার শেষ করা হোক।" সালাউদ্দিন কাদের চৌধুরী গ্রেপ্তার হওয়ায় গার্হস্থ্য অর্থনীতি কলেজের শিক্ষার্থী ঝুমা আক্তার সন্তোষ প্রকাশ করে বলেন, "সরকার অবিলম্বে সকল যুদ্ধাপরাধীর ফাঁসি কার্যকর করবে এটাই বিজয় দিবসে প্রত্যাশা।" একটি বেসরকারি প্রতিষ্ঠানে কমিউনিকেশন অফিসার হিসেবে কর্মরত হোজ্জাতুল ইসলাম বলেন, "বহুল প্রত্যাশিত বঙ্গবন্ধু হত্যা মামলার রায় কার্যকর হয়েছে। যুদ্ধাপরাধীদের বিচার শেষ হলে জাতি কলঙ্কমুক্ত হবে।" পুরানো ঢাকার ব্যবসায়ী ফরিদুর রহমান বলেন, "বিজয় দিবসে সাকা চৌধুরীর গ্রেপ্তারের ঘটনা আমাদের জন্য অতিরিক্ত পাওয়া।" এজন্য তিনি সরকারকে ধন্যবাদ জানান। বিজয় দিবসকে সামনে রেখে রাষ্ট্রপতি জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরাধী দলীয় নেতা খালেদা জিয়া পৃথক বাণী দেন। রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, "রাজনৈতিক স্বাধীনতার পাশাপাশি অর্থনৈতিক মুক্তি অর্জন এবং সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই ছিল আমাদের মহান মুক্তিযুদ্ধের অন্যতম লক্ষ্য। বিজয়ের চার দশক পার হলেও আমরা সে লক্ষ্য আজো পুরোপুরি অর্জন করতে সক্ষম হইনি। ১৯৭৫ সালে স্বাধীনতাবিরোধী চক্র জাতির জনককে হত্যা করে গণতন্ত্র ও উন্নয়নের পথকে রুদ্ধ করে। পরবর্তীতে আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রার পথও মসৃণ ছিল না। ফলে আমরা পিছিয়ে পড়ি কাঙ্খিত উন্নয়ন থেকে।" স্বাধীনতার সুফল জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে দলমত নির্বিশেষে সবাইকে একযোগে দেশ গড়ার কাজে অবদান রাখার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, "আমাদের মহান মুক্তিযুদ্ধ ইতিহাসের কোনো আকস্মিক ঘটনা নয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাহসী নেতৃত্বে বাঙালি জাতির দীর্ঘ ২৩ বছরের লড়াই-সংগ্রামের চূড়ান্ত পরিণতি ছিল একাত্তরের মুক্তিযুদ্ধ।" তিনি আরো বলেন, "মুক্তিযুদ্ধের পর ঊনচল্লিশ বছর পেরিয়ে গেছে। কিন্তু স্বাধীনতার স্বপ্ন-সাধ এখনও পূরণ হয়নি। ২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপিত হবে। এই সুবর্ণজয়ন্তীকে সামনে রেখে আসুন, দল-মত শ্রেণী-পেশা ও ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে একটি সুখী, সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করি।" বিরোধী দলের নেতা খালেদা জিয়া তার বাণীতে বলেন, "শোষণ-বঞ্চনামুক্ত একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যয় নিয়েই ১৯৭১ সালে এদেশের মানুষ স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছিল। স্বাধীনতার পর বিভিন্ন সময়ে আমাদের গণতন্ত্রের অগ্রযাত্রা বাধাগ্রস্থ হয়েছে, জনগণের মৌলিক ও মানবিক অধিকার খর্ব হয়েছে। কিন্তু প্রতিবারই এদেশের গণতন্ত্রপ্রিয় মানুষ লড়াই-সংগ্রামের মাধ্যমে গণতন্ত্র ও মৌলিক অধিকার পুনরুদ্ধার করেছে।" খালেদা জিয়া বলেন, "১৯৭১-এ আমাদের প্রিয় মাতৃভূমি শত্র"মুক্ত হলেও আধিপত্যবাদী শক্তি স্বাধীনতা-সার্বভৌমত্বকে গ্রাস করে আমাদেরকে একটি পদানত জাতিতে পরিনত করার অপপ্রয়াসে লিপ্ত রয়েছে। এর বিরুদ্ধে আমাদের জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।" সরকারি পর্যায় ছাড়াও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও সেচ্ছাসেবী সংগঠন আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালন করেছে। জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়। হাসপাতাল, জেলখানা, বৃদ্ধাশ্রমসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়েছে। নয় মাসের মুক্তি সংগ্রাম আর বিপুল আত্মত্যাগের মধ্য দিয়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর মুক্তিযুদ্ধে বিজয় আসে। ৩০ লাখ শহীদের রক্ত আর দুই লাখেরও বেশি মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে দিগন্তে উঁকি দেয় স্বাধীনতার সূর্য। জন্ম হয় স্বাধীন বাংলাদেশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/কেএমএস/২৩১৯ ঘ.