২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বিচারে বিলম্বে মানুষ ধৈর্যহারা হচ্ছে'

যুদ্ধাপরাধীদের বিচারে বিলম্বের কারণে মানুষ ধৈর্যহারা হয়ে যাচ্ছে বলে দাবি করেছেন সেক্টর কমান্ডারস্ ফোরামের সাধারণ সম্পাদক এম. হারুন-অর-রশীদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2010, 03:44 PM

Updated : 25 Aug 2022, 07:48 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধীদের বিচারে বিলম্বের কারণে মানুষ ধৈর্যহারা হয়ে যাচ্ছে বলে দাবি করেছেন সেক্টর কমান্ডারস্ ফোরামের সাধারণ সম্পাদক এম. হারুন-অর-রশীদ। বুধবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভায় তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের জন্য ট্রাইব্যুনাল গঠনের আট মাস পরও একজন যুদ্ধাপরাধীকেও কাঠগড়ায় দাঁড় করানো যায়নি। শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সিনেট ভবনে এ আলোচনা সভার আয়োজন করে। হারুন-অর-রশীদ বলেন, সময় যত অতিক্রম হচ্ছে ততই যুদ্ধাপরাধের বিচার বানচালের নানা ষড়যন্ত্র বাড়ছে। যুদ্ধাপরাদীদের বিচারের জন্য অনেক সাক্ষ্য-প্রমাণ রয়েছে দাবি করে তিনি অবিলম্বে সরকারের কাছে বিচার শুরুর অনুরোধ জানান। তিনি বলেন, "মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছে। আমাদের উচিত পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে স্বাধীনতা বিরোধীদের প্রতিরোধ করা।" হারুন-অর-রশীদ পরে উপস্থিত শিক্ষকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। শিক্ষক সমিতি সভাপতি অধ্যাপক আজিজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, একুশে একাডেমির সাধারণ সম্পাদক আল নোমান শামীম, রাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মিজান উদ্দিন ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আনন্দ কুমার সাহা। এছাড়া উপস্থিত ছিলেন- রাবি উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান, শহীদ রাবি শিক্ষক সুখরঞ্জন সমাদ্দারের স্ত্রী চম্পা সমাদ্দার, শহীদ শিক্ষক মীর আব্দুল কাইউমের মেয়ে অধ্যাপিকা মাহবুবা কানিজ কেয়াসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানের শুরুতে দেশের সব শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৩৯ ঘ.