ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পৌরসভা নির্বাচনে জাতীয় পার্টি সাত বিভাগে প্রার্থী ঘোষণা করেছে।
সোমবার জাতীয় পার্টির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আসন্ন পৌরসভা নির্বাচনে একক প্রার্থী মনোনয়নের বিষয়ে ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ।
মহাজোটের শরিক দলটি একক প্রার্থী তালিকা তৈরি করলেও সিদ্ধান্ত অনুযায়ী মহাজোটের মনোনীত প্রার্থীই চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জাতীয় পার্টির বিজ্ঞপ্তিতে বলা হয়।
পার্টির দপ্তর সম্পাদক মো. তাজুল ইসলাম চৌধুরী স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, পৌরসভা নির্বাচনে জাতীয় পার্টির জেলা পর্যায় থেকে প্রাপ্ত তালিকা অনুযায়ী সাত বিভাগের মধ্যে থেকে মেয়র পদের জন্য ১৩৬ জন প্রার্থীর তালিকা তৈরি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, জাতীয় পার্টির প্রার্থী নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী (নির্ধারিত সময়ের মধ্যে) মনোনয়ন পত্র জমা দেবেন। পরে মহাজোটের সঙ্গে আলোচনার মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা ও জনপ্রিয়তা যাচাই করে মহাজোটের সিদ্ধান্ত অনুযায়ী মেয়র পদের জন্য একক প্রার্থীর নাম ঘোষণা করা হবে।
৩ ডিসেম্বর আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম পৌর নির্বাচনের বিষয়ে বলেছিলেন, "পৌরসভা নির্বাচনে মহাজোট ঐক্যবদ্ধভাবে এক প্রার্থীকে সমর্থন দেবে।"
তবে গত বৃহস্পতিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম দলের সাংগঠনিক সম্পাদকের সঙ্গে এক বৈঠকে দলের পক্ষ থেকে মনোনয়ন প্রক্রিয়ার জন্য জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি করে দেন।
অবশ্য দলীয়ভাবে প্রার্থী মনোনয়ন দিচ্ছে না প্রধান বিরোধী দল বিএনপি। সোমবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের এই অবস্থানের কথা জানান।
আগামী ১২ থেকে ১৮ জানুয়ারি দেশের ২৬২ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/পিডি/২২২৭ ঙ.
bdnews24