২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদমজী পাটকল আর হচ্ছে না: মন্ত্রী

সংসদীয় কমিটি সুপারিশ করলেও আদমজী নামে আর কোনো পাটকল চালু হচ্ছে না বলে জানিয়ে দিলেন বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2010, 08:44 AM

Updated : 25 Aug 2022, 07:45 PM

ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদীয় কমিটি সুপারিশ করলেও আদমজী নামে আর কোনো পাটকল চালু হচ্ছে না বলে জানিয়ে দিলেন বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। তিনি মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, "জোট সরকারের সময় বিশ্বব্যাংকের সঙ্গে একটি চুক্তি হয়েছিলো। এ কারণেই আদমজীর যে সব শ্রমিক স্বেচ্ছা অবসরে গেছে, তাদের আর ফিরিয়ে আনা যাবে না এবং আদমজী নামে পাটকল আর চালু করা যাবে না।" "আমাদের বৈদেশিক ঋণ দরকার। দাতাদের অসন্তুষ্ট করে ঋণ পাওয়া যাবে না", বলেন তিনি; যদিও আদমজী বন্ধ করা নিয়ে বিশ্বব্যাংকের সমালোচনাও করেছন তিনি। লতিফ বলেন, আদমজী বন্ধের সময়ই বিশ্বব্যাংক ভারতের পশ্চিমবঙ্গে নয়টি পাটকল চালুর জন্য ৩ কোটি ডলার দিয়েছে। আদমজী চালু করা না হলেও অন্য নামে পাট পণ্যের বহুমুখীকরণ কারখানা করা হবে বলে মন্ত্রী জানিয়েছেন। পাট ও বস্ত্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সুপারিশ ছাড়াও কয়েকজন মন্ত্রীও আদমজী পাটকল পুনরায় চালুর আশ্বাস দিয়ে আসছিলেন। এশিয়ার সবচেয়ে বড় পাটকল আমদজী বন্ধ হয় ২০০২ সালের ৩০ জুন। এরপর নারায়ণগঞ্জের ওই এলাকায় রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল গড়ে তোলা হয়েছে। আদমজী সচল না হলেও দীর্ঘদিন বন্ধ থাকা সরকারি আটটি পাটকল চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান পাটমন্ত্রী। তিনি বলেন, "সিরাজগঞ্জের কওমী পাটকল ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে। ১১ ডিসেম্বর প্রধানমন্ত্রী এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।" এছাড়া বন্ধ থাকা আরো সাতটি পাটকল পর্যায়ক্রমে ২০১১ সালের মধ্যে চালু হবে বলে জানিয়ে লতিফ বলেছেন, এসব পাটকল চালু হলে প্রায় ২৫ হাজার লোকের কর্মসংস্থান হবে। বর্তমাসে সরকারের মালিকানাধীন পাটকলের সংখ্যা ১৬টি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমআই/১৪৪০ ঘ.