২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের অগভীর নলকূপে আর্সেনিক সনাক্ত

নগরীর পূর্ব ষোলশহর ও উত্তর হালিশহর ওয়ার্ডের অগভীর নলকূপে ক্ষতিকর মাত্রার আর্সেনিক সনাক্ত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2010, 03:39 PM

Updated : 25 Aug 2022, 07:44 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর পূর্ব ষোলশহর ও উত্তর হালিশহর ওয়ার্ডের অগভীর নলকূপে ক্ষতিকর মাত্রার আর্সেনিক সনাক্ত হয়েছে। রোববার বিকালে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে 'বন্দর নগরী চট্টগ্রামের গভীর ও অগভীর নলকূপের পানিতে আর্সেনিকের উপস্থিতি সনাক্তকরণ সংক্রান্ত গবেষণা' কার্যক্রমের দ্বিতীয় পর্যায়ের প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্র এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) যৌথ উদ্যোগে এই গবেষণা কার্যক্রম পরিচালনা করা হয়। আইইবি চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান দেলোয়ার হোসেন মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০০৮ সালে এই গবেষণা কার্যক্রম শুরু হয়। প্রথম পর্যায়ে ৪১ টি ওয়ার্ডের প্রতিটিতে দুয়েকটি করে নলকূপের পানি পরীক্ষা করা হয়। তিনি জানান, এতে ১৩ টি ওয়ার্ডের নলকূপে আর্সেনিকের উপস্থিতি সনাক্ত হয়। এর মধ্যে ৭ টি ওয়ার্ড বেশি ক্ষতিগ্রস্ত। ২০০৯ সাল থেকে দ্বিতীয় পর্যায়ের জরিপ কাজ শুরু হয়। দেলোয়ার হোসেন মজুমদার জানান, দুটি ওয়ার্ডেই নলকূপের পানিতে অতিরিক্ত মাত্রার আর্সেনিকের উপস্থিতি প্রমাণিত হয়েছে। এর মধ্যে পূর্ব ষোলশহর ওয়ার্ডের অগভীর নলকূপসমূহের মধ্যে ৫১ শতাংশ এবং উত্তর হালিশহরে ৩৯ শতাংশ নলকূপে আর্সেনিক সনাক্ত হয়েছে। অর্সেনিক দূষণযুক্ত নলকূপের তালিকা চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) কাছে হস্তান্তর করা হয়েছে উল্লেখ করে দেলোয়ার বলেন, সিটি মেয়র মনজুর আলম প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি মেয়র মনজুর আলম। এতে সভাপতিত্ব করেন দেলোয়ার হোসেন মজুমদার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রকৌশলী আলী আশরাফ, পেশাজীবী নেতা ডা. এ কিউ এম সিরাজুল ইসলাম ও ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ গিয়াসউদ্দিন। আর্সেনিকের ক্ষতিকর প্রভাব ও প্রাদুর্ভাব বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক স্বপন কুমার পালিত। অনুষ্ঠানে সিটি মেয়র মনজুর আলম নগরীর ৪১ টি ওয়ার্ডে এই গবেষণা কার্যক্রম পরিচালনার অনুরোধ জানিয়ে বলেন, এ কাজে সিসিসি'র পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। তিনি বলেন, বিশুদ্ধ পানির চাহিদা মেটাতে সিসিসি'র অর্থায়নে প্রতিটি ওয়ার্ডে একটি করে গভীর নলকূপ বসানো হবে। দেলোয়ার হোসেন মজুমদার জানান, এই গবেষণা কার্যক্রমের আওতায় তৃতীয় পর্যায়ে নগরীর চারটি ওয়ার্ডের সব নলকূপের পানি পরীক্ষা করা হবে। পর্যায়ক্রমে সবগুলো ওয়ার্ডে এ কার্যক্রম পরিচালনা করা হবে। গবেষণা রিপোর্টে বলা হয়, চট্টগ্রাম ওয়াসা মহানগরীর মাত্র ৪৫ শতাংশ পানির চাহিদা মেটাতে সক্ষম। একারণে অগভীর নলকূপ খননের হার বেড়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/এইচএ/২১৩৫ ঘ.