২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মধ্যপাড়া খনিতে ধর্মঘট প্রত্যাহার

ছাঁটাই করা শ্রমিকদের চাকরিতে পুর্নবহালের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করেছেন মধ্যপাড়া কঠিন শিলা খনির শ্রমিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2010, 11:09 AM

Updated : 25 Aug 2022, 07:44 PM

দিনাজপুর, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাঁটাই করা শ্রমিকদের চাকরিতে পুর্নবহালের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করেছেন মধ্যপাড়া কঠিন শিলা খনির শ্রমিকরা। সাত দিন পর শনিবার দুপুর ১২টায় কাজে যোগ দিয়েছেন তারা। মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পাঁচ শ্রমিকের ছাঁটাই আদেশ এবং তাদের বিরুদ্ধে দায়ের মামলা প্রত্যাহার করা হবে- ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজারের কাছ থেকে এমন আশ্বাস পেয়ে আমরা কাজে যোগ দিয়েছি।" শ্রমিকদের একটি প্রতিনিধিদল শুক্রবার ঢাকায় ভূমি প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করেন। গত ২৩ নভেম্বর সহকারী ব্যবস্থাপক পদে নিয়োগপ্রাপ্ত নয় কর্মকর্তা মধ্যপাড়া কঠিন শিলা কার্যালয়ে যোগ দিতে এলে শ্রমিকরা তাদের চাকরি স্থায়ীকরণের দাবিতে ওই নয় কর্মকর্তাকে কর্মস্থলে যোগ দিতে বাধা দেয়। এরপর মধ্যপাড়া গ্রানাইট কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবুল বাশার বাদি হয়ে ২৫ নভেম্বর শৃঙ্খলাভঙ্গের অভিযোগে পাঁচ কর্মচারীকে চাকরি থেকে অব্যাহতি দিয়ে তাদের বিরুদ্ধে পার্বতীপুর থানায় মামলা করেন। এর প্রতিবাদে ২৭ নভেম্বর থেকে শ্রমিকরা খনিতে অনির্দিষ্টকালের শ্রমিক ধর্মঘট শুরু করে। ছাঁটাই হওয়া কর্মচারীরা হলেন- মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মোমিনুল ইসলাম মোমিন, সহ-সভাপতি সাদেকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান ও দপ্তর সম্পাদক সাফিউর রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৭১০ ঘ.