২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার আসবাবপত্র উঠেছে বারিধারায় ভাড়া বাড়িতে

মইনুল সড়কের বাড়ি থেকে সরিয়ে নেওয়া আসবাবপত্র বারিধারায় একটি ভাড়া বাড়িতে তুলেছেন খালেদা জিয়া। (সর্বশেষ তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2010, 01:16 PM

Updated : 25 Aug 2022, 07:44 PM

ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মইনুল সড়কের বাড়ি থেকে সরিয়ে নেওয়া আসবাবপত্র বারিধারায় একটি ভাড়া বাড়িতে তুলেছেন খালেদা জিয়া। এর পাশাপাশি ধানমণ্ডির একটি বাড়িতেও কিছু মালামাল তোলা হয়েছে বলে বিএনপি চেয়ারপারসনের এক কৌঁসুলি জানিয়েছেন। দুই ভাই সাঈদ এস্কান্দার ও শামীম এস্কান্দারের স্ত্রীদের তদারকিতে শুক্রবার সকাল সোয়া ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কভার্ড ভ্যান এবং পিকআপ ভ্যানে করে আসবাসপত্র সরিয়ে নেন খালেদা। শনিবার আরো মালামাল সরিয়ে নেওয়া হবে। নাম প্রকাশে অনিচ্ছুক খালেদার ওই কৌঁসুলি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বারিধারার ১২ নম্বর সড়কের একটি বাড়ি ভাড়া করে সেখানে মালামাল রাখা হয়েছে।" সাঈদ এস্কান্দারের বাসা বারিধারায় হলেও সেখানে মালামাল তোলা হয়নি জানিয়ে তিনি বলেন, "ওই বাড়িটি ম্যাডামের কোনো আত্বীয়-স্বজনের বাড়ি নয়।" মইনুল সড়কের ৬ নম্বর বাড়ি থেকে সকাল থেকে চারটি কাভার্ড ভ্যান এবং পিকআপে করে মালামাল সরানোর কাজ শুরু হয়, এ বাড়িতে ৩৮ বছর ছিলেন খালেদা। মালামাল তোলার পর দুপুর ২টায় প্রথমে একটি কভার্ড ভ্যান ও একটি পিকআপ ওই বাড়ি থেকে বের হতে দেখা যায়। এর মধ্যে পিকআপটি যায় ধানমণ্ডির দিকে। খালেদার কৌঁসুলি বলেন, "ধানমণ্ডির একটি বাড়িতে কিছু মালামাল তোলা হয়েছে।" খালেদার বড় ছেলে তারেক রহমানের শ্বশুরবাড়ি ধানমণ্ডিতে। তবে ওই বাড়িতে মালামাল তোলা হয়েছে কি না, সে বিষয়ে কিছু বলতে রাজি হননি কৌঁসুলি। এরপর সন্ধ্যা ৭টায় তিনটি কভার্ড ভ্যান মালামাল নিয়ে বেরিয়ে বারিধারার পথে রওনা হয়। বারিধারার ভাড়াবাড়িতে ওই সময় বিএনপির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমানসহ কয়েকজন ছিলেন বলে খালেদার কৌঁসুলি জানান। তিনি বলেন, "সব আসবাবপত্র এখনো নেওয়া সম্ভবপর হয়নি। ৩৮ বছরের বসবাসের এই বাড়ির মালামাল প্যাকিং করা ও সরানোর কাজটি একদিনে সম্ভব নয়। কাল (শনিবার) সকালে আবার সরানোর কাজ শুরু হবে।" মালামাল সরিয়ে নিতে বিএনপি চেয়ারপারসনের পক্ষে তার একান্ত সচিব এএসএম সালেহ আহমদ এবং দুই ভাইয়ের স্ত্রী সকাল সোয়া ১০টার দিকে সেনানিবাসের ওই বাড়িতে যান। সেনানিবাস বোর্ডের কর্মকর্তাদের উপস্থিতিতে তারপরই শুরু হয় মালামাল স্থানান্তরের কাজ। বৃহস্পতিবার সকাল থেকে গুঞ্জন ছড়িয়ে পড়ে, সেনানিবাসের বাড়ি থেকে খালেদার মালামাল সরিয়ে নেওয়া হচ্ছে। তবে সে খবর নাকচ করে শুক্রবার থেকে কয়েকদিনের মধ্যে মালামাল সরিয়ে নিতে খালেদা জিয়াকে তার একান্ত সচিবের মাধ্যমে অনুরোধ জানায় সেনানিবাস বোর্ড। গত ১৩ নভেম্বর খালেদার ওই বাড়ির দখল বুঝে নেয় সেনানিবাস বোর্ড। হাইকোর্টের দেওয়া সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর সেদিনই বাড়ি ছাড়তে হয় খালেদাকে। খালেদা বর্তমানে গুলশানে তার ছোট ভাই শামীম এস্কান্দারের বাসায় থাকছেন। আইনি লড়াইয়ে হারার কারণে ৩৮ বছর পর সেনানিবাসের ওই বাড়ি ছাড়েন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী খালেদা। বিএনপি চেয়ারপারসনের অভিযোগ, ১৩ নভেম্বর তাকে জোর করে বের করে দেওয়া হয়। তবে সামরিক বাহিনী বলেছে, আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে স্বেচ্ছায় বাড়ি ছাড়েন খালেদা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/এমআই/২০০৪ ঘ.