সাভার, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকার সাভারে একটি বাড়িতে ভেজাল পণ্য তৈরির তিনটি কারখানা খুঁজে পেয়েছে র্যাব।
কারখানাগুলো থেকে দুই মহিলাসহ সাতজনকে আটক করা হয়েছে। এদের মধ্যে চারজনকে দুই মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার রাতে আশুলিয়ার পূর্ব ডেন্ডাবর এলাকার একটি বাড়িতে তল্লাশি চালিয়ে কারখানা তিনটির সন্ধান মেলে বলে র্যাব জানিয়েছে।
এর মধ্যে বাড়ির প্রথমতলায় 'ফিলিংস ফ্রুটস সিরাপ' নামের পানীয়, ফেনসিডিল ও দ্বিতীয়তলায় 'যৌন উত্তেজক 'স্ট্রং হালুয়া' তৈরির কারখানা।
র্যাব-৪ সাভার ক্যাম্পের কর্মকর্তা স্কোয়াড্রন লিডার শাহ মিজান-উল-হক সাংবাদিকদের জানান, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোতালেব হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়।
তৃতীয়তলা বাড়িটির প্রথমতলায় তল্লাশি চালিয়ে ভেজাল পানীয় তৈরির কারাখানা থেকে আটক করা হয় চার কর্মচারীকে।
জব্দ করা হয় চার হাজার বোতল পানীয়, বিপুল পরিমান খালি বোতল, লেবেলসহ বিভিন্ন উপকরণ।
ওই কারখানার পাশের একটি কক্ষ থেকে ৭২ বোতল ফেনসিডিল, ১০০টি খালি বোতল ও ফেনসিডিল তৈরির উপকরণ আটক করা হয়।
গ্রেপ্তার করা হয় ভেজাল ফেনসিডিল তৈরির কারখানা মালিককে।
র্যাব কর্মকর্তা জানান, দ্বিতীয় তলায় তল্লাশি করে পাওয়া যায় স্টং হালুয়ার কারখানা। সেখান থেকে দুই মহিলাকে আটক করা হয়।
জব্দ করা হয় এক হাজার কৌটা হালুয়া, হালুয়া তৈরির বিভিন্ন উপকরণসহ বিভিন্ন সরঞ্জাম।
আটককৃতরা হলেন- এনার্জি ড্রিংকস কারখানার কর্মচারী পাবনার আমিরুল ইসলাম (৩৫), মানিকগঞ্জের মো. শহিদ (২৫), নাটোরের রুহুল আমিন (২৮), মানিকগঞ্জের আব্দুস সাত্তার (৩৫), ফেনসিডিল কারখানার মালিক গোপালগঞ্জের মো. কালু (৪০), হালুয়া কারখানার মালিক রাজবাড়ীর রুমা আক্তার (২৬) ও তার ভাগ্নি লিমা আক্তার (২২)।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এএইচএম আনোয়ার পাশা জানান, অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল হালুয়া, পানীয়, ও ফেনসিডিল তৈরি করে দীর্ঘদিন ধরে এই চক্রটি বাজারজাত করে আসছিলো।
হালুয়ার সঙ্গে 'ডেক্সামেথাসন' ট্যাবলেট মিশিয়ে দেওয়া হয়। এ ধরনের সামগ্রী স্বাস্থ্যের জন্যে মারাত্মক ক্ষতিকর।
তিনি বলেন, ভেজাল পানীয় তৈরির অভিযোগে চার কর্মচারীকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া কারখানার মালিক আনোয়ার হোসেনের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা হবে।
ফেনসিডিল ও হালুয়া তৈরির অভিযোগে আটককৃতদের আশুলিয়া থানায় সোর্পদ করে মামলা করা হবে বলে ম্যাজিস্ট্রেট জানান।
বাংলাদেশ স্ট্যান্ডাস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর মাঠ কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান, অনুমোদন ছাড়াই পানীয়'র বোতলে ব্যবহৃত লেবেলে বিএসটিআই-এর সিল ব্যবহার করা হয়েছে।
এছাড়া মান নিয়ন্ত্রণের জন্য কারখানায় কোনো পরীক্ষাগারও নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩৩৫ ঘ.
bdnews24