২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিমান্ড শেষে কাওসার কারাগারে

সিলেটে কলেজ শিক্ষক হারুন-উর রশিদ খুনের মামলার প্রধান আসামি আবদুল লতিফ ওরফে কাওসারকে (২৮) জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2010, 05:03 PM

Updated : 25 Aug 2022, 07:43 PM

সিলেট, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেটে কলেজ শিক্ষক হারুন-উর রশিদ খুনের মামলার প্রধান আসামি আবদুল লতিফ ওরফে কাওসারকে (২৮) জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ হেফাজতে তিনদিন জিজ্ঞাসাবাদের পর বৃহস্পতিবার বিকালে কাওসারকে সিলেটের মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে হাজির করা হয়। আগামী ৭ ফেব্র"য়ারি মামলার পরবর্তী দিন ধার্য করে হাকিম মো. আমির উদ্দিন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত সোমবার কাওসারকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক মহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, আদালতে যাওয়ার আগে কাওসার ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হয়েছিলেন। কিন্তু আদালতে হাজির করার পর তিনি জবানবন্দি দিতে অস্বীকৃতি জানান। এদিকে জিজ্ঞাসাবাদে কাওসারের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে হত্যাকাণ্ডের ঘটনাস্থল সিলেট নগরীর চৌহাট্টা এলাকার গৌড়গোবিন্দের টিলার একটি জঙ্গল থেকে সেটি উদ্ধার করা হয়। তদন্ত কর্মকর্তা মহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জিজ্ঞাসাবাদে কাওসারের কাছ থেকে অনেক তথ্য পাওয়া গেছে, যা মামলার তদন্তে গুরুত্বপূর্ণ। "এর প্রথম ধাপটি হচ্ছে প্রায় আট মাস পর ঘটনাস্থল থেকে খুনে ব্যবহৃত ছোরা উদ্ধার।" উদ্ধার করা ছুরিটি মামলার আলামত হিসেবে বৃহস্পতিবার অন্তভুক্ত করা হয়েছে বলে তিনি জানান। সিলেট সরকারি মহিলা কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান মো. হারুন-উর রশিদ গত ২১ মার্চ বিকালে কলেজ থেকে বাসায় যাওয়ার পথে খুন হন। এ ঘটনায় তার শ্যালক আল-আজিজ চৌধুরী বাদি হয়ে সিলেট কোতয়ালি থানায় হত্যা মামলা করেন। এ পর্যন্ত এই মামলায় দর্শন বিভাগের দুই ছাত্রীসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩০৫ ঘ.