গাজীপুর, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উৎপাদন বোনাস বাড়ানোর দাবিতে গাজীপুরে একটি পোশাক কারখানায় বিক্ষোভ ও ভাংচুর করেছে শ্রমিকরা।
পরিস্থিতি সামাল দিতে গেলে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে পুলিশ লাঠিপেটা, ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় কালিয়াকৈর উপজেলার বাড়ৈপাড়া এলাকার হেচং সোয়েটার কারখানায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের লাঠিপেটায় ১০-১২ জন শ্রমিক আহত হয়েছে। ঘটনাস্থল থেকে চার শ্রমিককে আটক করা হয়েছে।
শিল্প পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. গিয়াসউদ্দিন জানান, বৃহস্পতিবার সন্ধা ৬টার দিকে কারখানা কর্তৃপক্ষ অক্টোবর মাসের বেতন দিচ্ছিলো। বেতনের সঙ্গে দাবি করা বর্ধিত উৎপাদন বোনাস না দেওয়ায় শ্রমিকরা সাড়ে ৬টার দিকে বিক্ষোভ শুরু করে।
এক পর্যায়ে তারা কারখানার ভেতরে বেশ ক'টি কম্পিউটার, জানালা-দরজার কাঁচ ভাংচুর ও উৎপাদিত সোয়েটারের ক্ষতিসাধন করে।
এসআই জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে শ্রমিকদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় পুলিশ দুই রাউন্ড কাঁদানে গ্যাস শেল ও শটগানের চার রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।
আহত শ্রমিকদের মধ্যে আছেন- আল আমিন, জলিল, মোর্শেদ, জিয়াউর রহমান ও সবুর।
পুলিশ কর্মকর্তা জানান, আটক চার শ্রমিক হলেন- আমিনুল, আমিন, সাইফুল ও আসাদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫৩ ঘ.
bdnews24