রংপুর, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিয়েতে রাজি না হওয়ায় রংপুরের মিঠাপুকুর উপজেলায় দুবৃর্ত্তরা এসিড মেরেছে এক কিশোরীকে।
বৃহস্পতিবার ভোরে মিঠাপুকুর উপজেলার ভাংনী ইউনিয়নের কাশিনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও পরিবারের সদস্যরা জানান।
আহত সুমী (১৪) ও তার ভাই রুবেলকে (১২) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসিডে সুমী ও রুবেলের মুখসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে ।
সুমীর পরিবারের অভিযোগ, একই গ্রামের চার সন্তানের জনক আজির উদ্দিন (৪০) এ ঘটনা ঘটিয়েছেন। ঘটনার পর থেকে তিনি পলাতক।
সুমীর মা খোলেনুর বেগম সাংবাদিকদের জানান, আজির উদ্দিন কিছুদিন ধরে তার একমাত্র মেয়ে সুমীকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়ে আসছেন। বিয়ে দিতে অস্বীকৃতি জানালে তিনি ভোরে সুমীকে জোর করে উঠিয়ে নিয়ে যেতে তাদের বাড়িতে হানা দেন।
বাধা দেওয়া হলে আজির ও তার দলবল সুমীকে লক্ষ্য করে এসিড ছুড়ে মারে। এতে সুমীর পাশে ঘুমিয়ে থাকা রুবেলের মুখও এসিডে ঝলসে যায়।
মিঠাপুকুর থানার ওসি আলতাফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমএসবি/১৯৪৩ ঘ.
bdnews24