২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে যুবক অপহরণের অভিযোগে গ্রেপ্তার ৫

যুবককে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে নগরীর চকবাজার থেকে বৃহস্পতিবার পাঁচজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2010, 12:51 PM

Updated : 25 Aug 2022, 07:40 PM

চট্টগ্রাম, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুবককে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে নগরীর চকবাজার থেকে বৃহস্পতিবার পাঁচজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। অপহৃত আন্তর্জাতিক ইসলামী ইউনিভার্সিটির বিবিএ বিভাগের ছাত্র আনোয়ার হোসেনকেও (২৪) উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন- সমীর সরকার (৪২), তন্ময় বড়ুয়া (২৬), বিটন বুড়ুয়া (২৯), পিকলু সরকার (২৭) ও ছোটন দে (২৮)। তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (উত্তর) আব্দুল্লাহ আল মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অপহরণকারীরা আনোয়ারকে বুধবার অপহরণ করে তার পরিবারের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা অপহরণের বিষয়টি স্বীকার করেছে বলে জানান সহকারী কমিশনার। মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল বুধবার গভীর রাতে নগরীর চকবাজার অলি খাঁ মসজিদ ও এর আশেপাশের এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে। পুলিশ বলছে, গ্রেপ্তাররা সংঘবদ্ধ অপহরণকারী দলের সক্রিয় সদস্য। তাদের কাছ থেকে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের ভুয়া পরিচয়পত্র জব্দ করা হয়েছে। গ্রেপ্তারদের স্বীকারোক্তির ভিত্তিতে জনৈক সমীর সরকারের মালিকানাধীন রয়েল সেলুনের পেছনের একটি কক্ষ থেকে আনোয়ারকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/পিডি/১৮৪৩ ঘ.