ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাক্ষী এলেও কারাগার থেকে এক আসামিকে হাজির না করায় রমনা বটমূলে বোমা হামলার মামলার শুনানি ছয় মাস মুলতবি করা হয়েছে।
বৃহস্পতিবার সাক্ষ্যগ্রহণের ধার্য দিনে কারাবন্দি পাঁচ আসামির মধ্যে আবদুর রউফকে আদালতে হাজির করেনি কারা কর্তৃপক্ষ। তখন ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ ফজিলা বেগম আগামী ৩১ মে পর্যন্ত সাক্ষ্যগ্রহণ মুলতবি রেখে সেদিন সাক্ষ্য গ্রহণের দিন করে দেন।
আসামি মুফতি আব্দুল হান্নান, আরিফ হাসান সুমন, শাহাদাত উল্লাহ জুয়েল, হাফেজ আবু তাহেরকে কারাগার থেকে এদিন আদালতে আনা হয়। জামিনে থাকা আকবর হোসেনও হাজিরা দেন। মামলার অপর আট আসামি পলাতক রয়েছে।
২০০১ সালের ১৪ এপ্রিল বাংলা নতুন বছরের দিনে রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলায় ১০ জন নিহত হন।
এ মামলাটি দ্রুত বিচারের জন্য দ্রুত বিচার আদালতে পাঠানো হয়েছিলো। দ্রুত বিচার আদালত থেকে গত ২৪ মে এ মামলা ঢাকার মহানগর দায়রা জজ আদালতে পুনরায় ফেরত পাঠানো হয়। দ্রুত বিচার আদালত আইন অনুযায়ী ১৩৫ কার্যদিবসের মধ্যে বিচার শেষ করতে না পারলে সে মামলা আগের আদালতে ফেরত যায়।
ফেরত আসার পর ঢাকার মহানগর দায়রা জজ মো. জহুরুল হক এ মামলা ফজিলা বেগমের আদালতে বিচারের জন্য বৃহষ্পতিবারই পাঠান বলে এ আদালতের পেশকার মো. মোয়াজ্জেম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
মামলায় রাষ্ট্রপক্ষে ৮৪ জন সাক্ষীর মধ্যে এ পর্যন্ত ৫০ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে।
রমনার বোমা হামলার পর নীলক্ষেত পুলিশ ফাঁড়ির সার্জেন্ট অমল চন্দ্র বাদি হয়ে মামলা করেন। ছয় জন তদন্ত কর্মকর্তার হাত ঘুরে ২০০৮ সালের ২৯ নভেম্বর পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক আবু হেনা মো. ইউসুফ অভিযোগপত্র দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৭৫০ ঘ.
bdnews24