নারায়ণগঞ্জ, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জ শহরের একটি পয়নিষ্কাশন নালার ভেতর বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়।
মঙ্গলবার বিকালে নারায়ণগঞ্জ শহরের ১ নম্বর রেলগেইট এলাকার শহীদ সোহরাওয়ার্দী সড়কে (চেম্বার রোড) অবস্থিত ডিবি প্লাজার সামনের নালায় বিকট শব্দে বিস্ফোরণ হয় বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শী ও পুলিশ।
বিস্ফোরণে নালার কয়েকটি স্লাব উড়িয়ে যায়। এর পরপরই আগুন ধরে যায় নালায়।
খবর পেয়ে মণ্ডলপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আহতদের শহরের খানপুরে অবস্থিত সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী সাংবাদিক শরীফ সুমন জানান, হঠাৎ ডিবি প্লাজার সামনের সড়কের পাশের নালার ভেতর বিস্ফোরণ ঘটে। এ সময় মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।
বিস্ফোরণে ডিবি প্লাজায় কেনাকাটা করতে আসা কয়েকজন, বাসের যাত্রী ও পথচারীসহ ছয়জন আহত হয়। এদের মধ্যে আছেন- বাসযাত্রী জাহাঙ্গীর (৪৫) ও বরকত (৩২)।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আহসানুল কবির সাংবাদিকদের জানান, দমকলকর্মীরা আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি জানান, নালার ভেতর তিতাসের গ্যাস পাইপ লাইন ফুটো হয়ে বিস্ফোরণ এবং আগুন লাগতে পারে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আকতার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। আতঙ্কিত হওয়ার কিছুই নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৩৩ ঘ.
bdnews24