গাজীপুর, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাসচাপায় দুই কলেজছাত্রের মৃত্যুর জেরে চার ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-কাপাসিয়া সড়কে যান চলাচল আবার শুরু হয়েছে।
মঙ্গলবার বিকাল সোয়া ৫টার দিকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা অবরোধ তুলে নেয় বলে জানিয়েছে পুলিশ।
দুপুর সোয়া ১টার দিকে উপজেলার রাজাবাড়ি এলাকায় এসিআই কারখানার সামনে অনন্যা ক্ল্যাসিক পরিবহনের একটি বাস মটরসাইকেল আরোহী আমিনুল ইসলাম (২৬) ও খোকন খানকে (২৪) চাপা দিলে তারা ঘটনাস্থলেই মারা যায়।
বাসটি কিশোরগঞ্জ থেকে ঢাকা যাচ্ছিলো।
এ ঘটনায় এলাকাবাসী ও বিক্ষুব্ধ কলেজ ছাত্ররা ওই বাসটিতে আগুন ধরিয়ে রাজাবাড়ি এলাকায় ঢাকা-কাপাসিয়া সড়ক অবরোধ করে।
পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। কিন্তু বিক্ষুব্ধ জনতা আবারো সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে।
বেলা সাড়ে ৩টার দিকে দমকল বাহিনী বাসের আগুন নেভাতে সক্ষম হয়।
গাজীপুর দমকলের জেষ্ঠ্য কর্মকর্তা আবু জাফর আহমেদ জানান, বিক্ষুব্ধ ছাত্র-জনতা ইট মেরে দমকলের গাড়ির কাঁচ ভেঙে দিয়েছে।
শ্রীপুর থানার ওসি নাজমুল হাসান ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমিনুল ও খোকন মটর সাইকেলে করে এক আত্মীয়ের বাড়ি যাচ্ছিল।"
আমিনুল রাজাবাড়ি ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের আকবর আলী ফকিরের ছেলে। তিনি রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ছাত্র।
খোকন একই গ্রামের আসলাম আলী খানের ছেলে। তিনি শ্রীপুরের ধলাদিয়া কলেজের ছাত্র।
ওসি জানান, বিকেল সাড়ে ৪টার দিকে গাজীপুরের পুলিশ সুপারিনটেনডেন্ট এস এম মাহফুজুল হক নুরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।
অপরদিকে সকালে সদর উপজেলার সালনা রেল ওভার-ব্রীজের দক্ষিণ পাশে বাস চাপায় অজ্ঞাত এক কিশোর (১৩) নিহত হয়েছে।
নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মোস্তাফিজুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্বজনরা তার লাশ নিয়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমআই/এমএসবি/১৮০৫ ঘ.
bdnews24