২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংসদ লুৎফুল হাই আর নেই

আওয়ামী লীগ নেতা ও ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা লুৎফুল হাই সাচ্চু মারা গেছেন। (আরো তথ্যসহ-২)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2010, 08:02 AM

Updated : 25 Aug 2022, 07:39 PM

ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ নেতা ও ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা লুৎফুল হাই সাচ্চু মারা গেছেন। সোমবার দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। লুৎফুল হাইয়ের বয়স হয়েছিলো ৭০ বছর। তিনি স্ত্রী, মেয়ে ও ছেলে রেখে গেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানিয়েছেন, লুৎফুল হাই সাচ্চুর মৃত্যুর খবরে ব্রাহ্মণবাড়িয়ায় শোকের ছায়া নেমে এসেছে। বিপুল সংখ্যক নেতাকর্মী তার মৌলভীপাড়ার বাসভবনে ভিড় করেছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমানুল হক সেন্টু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে হঠাৎ করে অসুস্থ বোধ করলে লুৎফুল হাইকে রাজধানীর এ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সোয়া ১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লুৎফুল হাই বাণিজ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করছিলেন। লুৎফুল হাইয়ের ব্যক্তিগত সহকারী (পিএস) ইকবাল বিন মতিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মৃত্যুর পর তার মরদেহ গুলশানের বাসভবনে নেওয়া হয়েছে। তার প্রথম জানাজে অনুষ্ঠিত হবে সোমবার বাদ মাগরিব গুলশানের আজাদ মসজিদে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দ্বিতীয় নামাজে জানাজা শেষে তার মরদেহ ব্রাহ্মণবাড়িয়া নিয়ে যাওয়া হবে। লুৎফুল হাই ১৯৪০ সালের ১০ অগাস্ট পাবনা জেলায় জন্মগ্রহণ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসইউএম/পিসি/এজে/১৬২১ ঘ.