পাবনা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার আতাইকুলা থানার চরপাড়া গ্রামে আগুনে পুড়ে এক পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে দুইজন।
রোববার বিকালে ওই অগ্নিকাণ্ডে চারটি বাড়ির সাতটি ঘর সম্পূর্ণ পুড়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, বিকাল ৫টার দিকে গ্রামের নূর ইসলামের বাড়ির চুলা থেকে আগুনের সূত্রপাত হয়।
এলাকাবাসী প্রায় একঘণ্টর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে পুড়ে টিপুর ছেলে সিয়াম (৫) ও রইস উদ্দিনের মেয়ে শাম্মী (৩) ঘটনাস্থলেই মারা যায়। হাসপাতালে নেওয়ার পথে মারা যায় রইস উদ্দিনের ছেলে শোয়েব (৭)।
আহত অবস্থায় রইস উদ্দিনের স্ত্রী মর্জিনা খাতুন ও বর্ণা (৫) নামের আরেক শিশুকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আতাইকুলা থানার ওসি সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, দু'জনের মৃত্যু হয়েছে। যোগাযোগ ব্যবস্থা ভাল না হওয়ায় দমকলের গাড়ি এলাকায় যেতে পারেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৩৬ ঘ.
bdnews24