ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কোরবানি করা পশুর বর্জ্য পরিবেশ বান্ধব উপায়ে অপসারণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিশেষ কর্মসূচি নিয়েছে পরিবেশ অধিদপ্তর।
এর আওতায় সারাদেশে এক লাখ প্রচারপত্র বিলির পাশাপাশি সভার আয়োজন করা হবে। সেই সঙ্গে ঢাকা মহানগরীর পশুর বর্জ্য পরিষ্কার করার জন্য ১৩৭টি খোলা ট্রাক, ৪০টি কনটেইনার ও ১৮টি কম্পেক্টর নিয়োজিত রাখা হবে।
পরিবেশ দুষণ রোধ করা সংক্রান্ত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এসব সিদ্ধান্ত হয়েছে।
বৃহস্পতিবার এক সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশব্যাপী জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের মাধ্যমে এ প্রচারপত্র বিলি করা হবে। পরিবেশ দুষণমুক্ত রাখতে প্রত্যেক জেলায় জেলা তথ্য কর্মকর্তা, উপ-পরিচালক (ইসলামিক ফাউন্ডেশন), জন প্রতিনিধি ও অন্যান্য দপ্তরের সমন্বয়ে সভার আয়োজন করবেন জেলা প্রশাসক।
ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে জেলা পর্যায়ে প্রত্যেক মসজিদের ইমাম জনগণকে সচেতন করতে কোরবানি করা পশুর বর্জ্য সুষ্ঠুভাবে অপসারণ নিয়ে ঈদুল আযহার আগের জুম্মায় এবং ঈদের খুৎবায় বক্তব্য রাখবেন।
ঢাকা শহরে কোরবানিকৃত পশুর বর্জ্য পরিষ্কার করার কাজ ঈদের পরবর্তী তৃতীয় দিন পর্যন্ত চলবে। এ কাজে ঢাকা ওয়াসা ও ফায়ার সার্ভিস পানিবাহী গাড়ি দিয়ে সাহায্য করবে।
রাজধানীর প্রতিটি ওয়ার্ডে কোরবানিকৃত পশুর বর্জ্য পরিবেশবান্ধব উপায়ে অপসারণের লক্ষ্যে মাইকিং করা, স্টিকার লাগানো ও প্রচারপত্র বিলির ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এজে/কেএমএস/১০৩১ ঘ.
bdnews24