২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি

চলতি মাসে এক সপ্তাহের ব্যবধানে ঢাকার সাভার উপজেলায় দুই শিশুকে অপহরণের ঘটনা ঘটেছে। পরে তাদের উদ্ধার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2010, 03:49 AM

Updated : 25 Aug 2022, 07:36 PM

সেলিম আহমেদ, সাভার প্রতিনিধি সাভার, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চলতি মাসে এক সপ্তাহের ব্যবধানে ঢাকার সাভার উপজেলায় দুই শিশুকে অপহরণের ঘটনা ঘটেছে। পরে তাদের উদ্ধার করা হয়। গত কয়েক মাসে বোমা ফাটিয়ে ডাকাতির ঘটনাও একাধিক। ডাকাতরা কুপিয়ে হত্যা করেছে সেনাবাহিনীর সাবেক এক সদস্যকে। এছাড়া ছিনতাই ও চুরির ঘটনা তো আছেই। ডাকাত আতঙ্কে রাত জেগে পাহারার ব্যবস্থা নিয়েছে এলাকাবাসী। একের পর এক ডাকাতির ঘটনা ঘটলেও ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট শেখ রফিকুল ইসলাম বলছেন, তিনি কিছুই জানেন না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "অনেক ঘটনাই আমি জানি না। ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক ঘটনায় থানা পুলিশের কাছে কোনো প্রতিকার না পেলে ভুক্তভোগীরা আমার কাছে আসতে পারেন। অভিযোগ দিলে আমি অবশ্যই ব্যবস্থা নেব।" গত ৩ নভেম্বর সাভারে ডেন্ডাবর এলাকা থেকে অপহরণ করা হয় মর্নিং গ্লোরি স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র আব্দুল্লাহ ফয়সলকে (১০)। অপহরণকারী ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ঘটনার দুদিন পর র‌্যাব রাজধানীর বংশাল এলাকার একটি বাড়ি থেকে ফয়সলকে উদ্ধার করে। আটক করে দুজনকে। প্রায় এক সপ্তাহের ব্যবধানে ৮ নভেম্বর একই স্কুলের স্ট্যান্ডার্ড ওয়ানের ছাত্র ইব্রাহিম খলিলকে (৭) অপহরণ করা হয়। তার বাবা আব্দুল লতিফ সরকারের সঙ্গে স্কুলের গাড়ির জন্য অপেক্ষা করার সময় তাকে ছিনিয়ে নেয় অপহরণকারীরা। তারা ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে ইব্রাহিমের পরিবারের কাছে। বৃহস্পতিবার সকালে ইব্রাহিমকে কিশোরগঞ্জের পাকুন্দিয়া এলাকা থেকে উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় তিনজনকে। সাভারের গাজীরচট এলাকার বাসিন্দা রুহুল আমীন, ফেরদৌস মিয়াসহ অনেকেই জানান, ডাকাতের ভয়ে দরজার বাইরের দিকে তালা দিয়ে তাদের ঘরে থাকতে হচ্ছে। গত শনিবার (৬ নভেম্বর) দিবাগত গভীররাতে সাভারের ধরেন্ডা এলাকার মধ্যপাড়া মহল্লায় কেবল ব্যবসায়ী কাজল গোমেজের বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতরা শিশুসহ পরিবারের সবাইকে জিম্মি করে টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৫ লাখ টাকার জিনিসপত্র লুট করে। ডাকাতদের হামলা ও বোমায় কাজলসহ দুজন আহত হন। ব্যবসায়ী কাজল অভিযোগ করেন, এই এলাকায় একাধিকবার চুরি ডাকাতি হয়েছে। থানা পুলিশকে জানিয়েও কোনো লাভ হয়নি। তাই এলাকাবাসী মিলে পালাক্রমে পাহারা দেওয়া শুরু করেছেন তারা। তিনি অভিযোগ করেন, থানায় মামলা দিতে গেলে পুলিশ ডাকাতির মামলা নিতে অনীহা প্রকাশ করে। গত ৪ নভেম্বর গভীর রাতে সাভারের শ্যামপুর এলাকায় এক সঙ্গে তিন বাড়িতে ডাকাতি হয়। মুখোশ পরা ৫০-৬০ জনের সশস্ত্র ডাকাতদল তিনটি ভাগে বিভক্ত হয়ে আলু ব্যবসায়ী শরিফ মিয়া, সেন্ট যোশেফ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আলী আকবর ও ফুল ব্যবসায়ী মোসলেম উদ্দিনের বাড়িতে হানা দেয়। অস্ত্রের মুখে বাড়ির সবাইকে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ১৮ লাখ টাকার মালামাল লুট করে ডাকাতরা। ডাকাতদের হামলায় আহত হয় শিশুসহ ৮ জন। আলু ব্যবসায়ী শরিফ মিয়া অভিযোগ করেন, "ঘটনার পরদিন (৫ নভেম্বর) সকালে সাভার মডেল থানায় মামলা করতে গেলে পুলিশ আমার অভিযোগটি ছিড়ে ফেলে নতুন করে লিখে আমার স্বাক্ষর রেখে দেয়। "পরে জানতে পারি আমার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটলেও পুলিশ চুরির মামলা রেকর্ড করেছে।" তিনি বলেন, প্রতিবেশী আরো যে দুই বড়িতে ডাকাতি হয়েছে পুলিশ বিষয়টি প্রকাশ না করার জন্য তাদের শাসিয়ে গেছে। পুলিশ শাসিয়ে যাওয়ার কথা স্বীকার করে আলী আকবরের স্ত্রী সালমা আক্তার বলেন, "ডাকাতরা আমাদের মারধর করে মালামাল লুট করে নিয়ে গেল। কিন্তু পুলিশ আমাদের সান্ত্বনা না দিয়ে উল্টো ডাকাতির কথা কাউকে না বলার জন্যে শাসিয়ে গেছে।" ১ নভেম্বর গভীর রাতে সাভারের রাজাঘাট এলাকায় ব্যবসায়ী মাহিনুর ইসলামের বাড়িতে ডাকাতরা হানা দিয়ে আলমারি ভেঙে টাকা ও স্বর্ণালংকারসহ ছয় লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়। তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে ডাকাতরা পরপর তিনটি বোমা নিক্ষেপ করে। দুটি বোমা বাড়ির উঠানে বিকট শব্দে বিস্ফোরিত হয়। অবিস্ফোরিত অবস্থায় পুলিশ একটি বোমা উদ্ধার করে। ব্যবসায়ী মাহিনুর ইসলামের অভিযোগ, "ডাকাতির ঘটনায় থানায় মামলা করতে গেলে পুলিশ প্রথমে চুরির মামলা নথিভুক্ত করে। কিন্তু আমার চাপাচাপিতে পরে ডাকাতির মামলা নিতে বাধ্য হয়।" এর আগে গত ৭ অক্টোবর সাভার ইউনিয়নের মিটনকৃষ্টপুর এলাকায় একসঙ্গে তিন বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদল অমল পালমা, সঞ্জীব পালমা ও বিজয় পালমার বাড়ির কলাপসিবল গেইটের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। মারধর করে ওই তিন বাড়ির ৯ সদস্যকে। পরে ডাকাতরা অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে। সাভার মডেল থানা পুলিশ ডাকাতির মামলা না নিয়ে দস্যুতার মামলা নথিভুক্ত করে। এ ব্যাপারে সাভার মডেল থানার ওসি মাহবুবুর রহমান বলেন, ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। তবে একের পর এক বোমা ফাটিয়ে ডাকাতির বিষয়টি চেপে যাওয়ার অনুরোধ করেন তিনি। গত ৮ সেপ্টেম্বর আশুলিয়ার দক্ষিণ গাজিরচট এলাকায় একসঙ্গে চার বাড়িতে ডাকাতি হয়েছে। সশ্রস্ত্র ডাকাতরা পর্যায়ক্রমে রুহুল আমিন, জিয়া হোসেন, মুক্তার হোসেন ও মোজাম্মেল হকের বাড়িতে লুটপাট চালায়। বাধা দিলে ডাকাতরা সেনাবাহিনীর সাবেক অনারারি ক্যাপ্টেন ও মুক্তিযোদ্ধা মোজাম্মেল হককে (৬৮) কুপিয়ে হত্যা করে। ডাকাতদের হামলায় আহত হয় তার ছেলে মিজানুর রহমান এবং ব্যবসায়ী রুহুল আমিন, তার স্ত্রী শামসুন্নাহার, মেয়ে শান্তা ও ছেলে রুবেল। এসব ডাকাতির ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার কিংবা লুটের মাল উদ্ধার করতে পারেনি। তবে আশুলিয়া থানার ওসি সিরাজুল ইসলাম দাবি করেছেন, "আশুলিয়া এলাকায় কোনো ডাকাত নেই। এলাকাবাসী ঘরের দরজা খুলে ঘুমাতে পারে।" আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়টি স্বীকার করে সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) মোহাম্মদ শাজাহান মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সাভারে জনসংখ্যার তুলনায় পুলিশ কম, তাই সব জায়গায় পুলিশের টহল দেওয়া সম্ভব হয় না।" তিনি বলেন, "আমরা চেষ্টা করছি আইন-শৃঙ্খলার যাতে কোথাও কোনো অবনতি না ঘটে।" এলাকাবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, আতঙ্কিত হওয়ার কারণ নেই। রাতে পুলিশের টহল আরো জোরদার করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/০৯৫০ ঘ.