সৈয়দ নাহাস পাশা
লন্ডন থেকে
লন্ডন, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রিটিশ পার্লামেন্টের প্রথম বাঙালি এমপি রুশনারা আলী বলেছেন, বাংলাদেশের মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে তিনি অভিভূত।
তিনি বলেন, "বিশেষ করে দেশটির তরুণ প্রজন্মের ইতিবাচক সাড়া আমার অনুভূতিকে বিশেষভাবে নাড়া দিয়েছে।"
পাঁচদিনের বাংলাদেশ সফর শেষে বুধবার হাউস অব কমন্সে এক সংবাদ সম্মেলনে এভাবেই নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন রুশনারা।
এমপি ও লেবার পার্টির আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক ছায়া মন্ত্রী হিসেবে বাংলাদেশে এটি ছিল তার প্রথম সফর।
রুশনারা আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অক্সফামের আমন্ত্রণে 'প্রতীকী জলবায়ু আদালতে' সাক্ষ্য গ্রহণ পর্যবেক্ষণ করতে গত ৪ নভেম্বর ঢাকা আসেন। ওই ট্রাইব্যুনালে বাংলাদেশে ঘূর্ণিঝড় ক্ষতিগ্রস্ত এলাকার জনগণের সাক্ষ্য নেওয়া হয়।
রুশনারা বলেন, "আমি এমপি নির্বাচিত হওয়ার পরে এই প্রথম বাংলাদেশে যাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া ও পররাষ্ট্র মন্ত্রী দীপু মনির সঙ্গে আমার পৃথক বৈঠক হয়।
"জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব সংশ্লিষ্ট বিষয়াদি ছাড়াও আমি প্রধানমন্ত্রীসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে প্রবাসীদের বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেছি।"
তিনি জানান, এসব আলোচনায় প্রাধান্য পায় যুক্তরাজ্য-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক। অনেক প্রবাসী বাংলাদেশী নিজ দেশে বিনিয়োগ করতে গিয়ে সমস্যার সম্মুখীন হন। এজন্য সুষ্ঠু পরিবেশ দরকার।
রুশনারা বলেন, বাংলাদেশী অনেক ব্যবসায়ী ব্রিটেনে বিনিয়োগ করতে চান। যুক্তরাজ্যও চায় বাংলাদেশী ব্যবসায়ীরা এদেশে বিনিয়োগ নিয়ে আসুক। যদি ভারতীয়রা বিনিয়োগ করতে পারে তবে কেন বাংলাদেশীরা নয়?
তিনি জানান, এজন্য বাংলাদেশ সরকারের যে বিধি-নিষেধ রয়েছে তা নিয়ে আলাপ হয়েছে।
রুশনারা আরো বলেন, তিনি প্রবাসী বাংলাদেশীদের জমিজমা সংক্রান্ত সমস্যার প্রতিও বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। এছাড়া বিমান বন্দরে সমস্যা, সিলেটে সরাসরি ফ্লাইট সুবিধা ইত্যাদি বিষয়েও আলোচনা হয়েছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনপি/এইচএ/০০০৩ ঘ.
bdnews24