ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় ব্যবসায়ীর পিস্তলের গুলিতে নিহত হয়েছেন এক বাসচালক।
বৃহস্পতিবার সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। নিহতের নাম নিজামউদ্দিন (২৫)। তিনি গুলিস্তান-এয়ারপোর্ট রুটের (৩ নম্বর) গাড়ি চালাতেন। গুলিতে তার সহকারী রাসেলও (২৬) আহত হন।
গুলিবর্ষণের অভিযোগে খোকন ও জুম্মন নামে দুজনকে মারধর করে পুলিশে দিয়েছে জনতা। সহকর্মী হত্যার প্রতিবাদে ফুলবাড়িয়া এলাকায় বিক্ষোভ করেছে পরিবহন শ্রমিকরা।
পুলিশ বলছে, বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহারেই এই হতাহতের ঘটনা ঘটেছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী বিআরটিসি বাসের চেকার মোহাম্মদ বেলায়েত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৬টার দিকে ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডের পশ্চিমাংশে খোকনের সঙ্গে গাড়িচালক নিজামের তর্কাতর্কি ও হাতাহাতি হয়। এরপর খোকন ফোনে খবর দিলে পাঁচ থেকে সাত মিনিট পরে জুম্মন এসে পিস্তল দিয়ে গুলি চালায়। এতে নিজাম ও রাসেল গুলিবিদ্ধ হয়।
গুলিবিদ্ধ নিজাম ও রাসেলকে শ্রমিকরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা নিজামকে মৃত ঘোষণা করেন।
শাহবাগ থানা এলাকার মধ্যে ঘটনা ঘটিয়ে চলে যাওয়ার সময় পরিবহন শ্রমিকসহ স্থানীয় জনতা বংশাল থানা এলাকায় খোকন ও জুম্মনকে আটক করে মারধর করে। তখন বংশাল থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিদ্দিক বাজারের ব্যবসায়ী খোকন রিকশায় যাচ্ছিলেন। ওই সময় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তার রিকশার ধাক্কা লাগে। এ নিয়েই তার সঙ্গে নিজাম ও রাসেলের কথা কাটাকাটি হয়।
বংশাল থানার ওসি জমিরউদ্দিন সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জুম্মনের কাছে একটি পিস্তল, এক রাউন্ড গুলি ও ৩টি গুলির খোসা পাওয়া গেছে।
এ ঘটনার বিষয়ে জানতে চাওয়া হলে ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজির আহমেদ তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, "আমরা যতদূর জেনেছি, সেখানে বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।"
শাহবাগ থানার ওসি রেজাউল করিম জানিয়েছেন, এ ঘটনায় নিজামের বোন ফারিয়া আফরিন শম্পা বাদি হয়ে থানায় একটি মামলা করছেন।
এদিকে নিজাম ও রাসেলে ওপর গুলিবর্ষণের পর পরিবহন শ্রমিকরা ফুলবাড়িয়ায় সড়ক অবরোধ করে সব গাড়ি চলাচল বন্ধ করে দেয়। সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক বাচ্চু মিয়া ঘটনাস্থলে গেলে বিক্ষুব্ধ শ্রমিকরা সদরঘাট-গুলিস্তান সড়কটিও আটকে দেয়।
পরে পুলিশ গিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার এবং ন্যায় বিচারের আশ্বাস দিলে ৯টার দিকে অবরোধ তুলে নেয় শ্রমিকরা।
দুপুর সোয়া ১টার দিকে নিজামের লাশ ফুলবাড়িয়া এলাকায় নেওয়া হলে শ্রমিকদের মধ্যে পুনরায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই সময় পুনরায় কিছু সময়ের জন্য রাস্তা আটকে দেয় শ্রমিকরা।
এরপর পরিস্থিতি শান্ত হলে ফুলবাড়িয়ায় শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনে নিজামের জানাজা হয়। তার লাশ গ্রামের বাড়ি খুলনার বটিয়ঘাটা থানার মাথাভাঙ্গা গ্রামে নেওয়া হবে বলে শ্রমিক নেতারা জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/কেটি/এমআই/১৪০০ ঘ.
bdnews24