নাটোর, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরের বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা সানাউল্লাহ নূর হত্যা মামলায় গ্রেপ্তার তিন আসামিকে তিনদিন হেফাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এরা হলেন- আশরাফুল ইসলাম ওরফে মিঠু (৩৫), বাদশা (৩৪) ও লুৎফর রহমান (৩৫)। গত ৮ নভেম্বর রাজধানীর সংসদ ভবন এলাকা থেকে ডিবি পুলিশ তাদের গ্রেপ্তার করে। তাদের বাড়ি বড়াইগ্রাম উপজেলার মহিষডাঙ্গা গ্রামে।
বুধবার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হান্নান তাদের জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম আদালতে হাজির করে পাঁচদিনের হেফাজত চেয়ে আবেদন করেন।
শুনানি শেষে বিচারক মাহামুদুল হাসান তিন দিনের হেফাজত মঞ্জুর করেন।
শুনানিতে রাষ্ট্র পক্ষের আইনজীবী বলেন, ঘটনার সময় ধারণ করা ভিডিও চিত্রে ওই আসামিরা রয়েছে।
তবে আসামি পক্ষের আইনজীবীরা দাবি করেন, ভিডিও চিত্রে তারা নেই, আসামিরা নির্দোষ।
তাদের গ্রেপ্তারের পর পুলিশ জানায়, এরা সবাই যুবলীগ কর্মী। মামলার এজাহারে এদের নাম রয়েছে।
গত ৮ অক্টোবর সকালে বিএনপির বিক্ষোভ মিছিলে হামলা চালিয়ে দলের স্থানীয় নেতা ও উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নূর বাবুকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
এ ঘটনায় বাবুর স্ত্রী মহুয়া নূর কচি ৯ অক্টোবর একটি মামলা দায়ের করেন।
মামলায় জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক জাকির হোসেনসহ ২৭ আওয়ামী লীগকর্মীকে আসামি করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/পিডি/১৬৩৬ ঘ.
bdnews24