লালমনিরহাট, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালমনিরহাটের বুড়িমারী সীমান্তে ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশীসহ দু'জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
মঙ্গলবার রাতে বুড়িমারী সীমান্ত বিওপি ক্যাম্পের চান্দেরবাড়ী সীমান্তের ওপারে এ ঘটনায় নিহত আরেকজন হলেন ভারতীয় গরু ব্যবসায়ী আবুল কালাম আজাদ।
নিহত বাংলাদেশী মোতালেব হোসেন (৩০) পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ছেন্তী গ্রামের পাতান চৌকিদারের ছেলে।
তারা তিনজন গরু আনতে ভারতে গিয়েছিলেন বলে মোতালেবের সঙ্গী দুলাল মিয়া জানান।
দুলাল মিয়ার বরাত দিয়ে এলাকাবাসী জানায়, রাত সাড়ে ৯টার দিকে মোতালেব, দুলাল মিয়াসহ তিনজন ভারতের কুচবিহার জেলার হলদিবাড়ী এলাকায় যান। তাদের সঙ্গে ছিলেন আবুল কালাম আজাদ।
এ সময় বিএসএফ'র কুচবিহারের ১০৪ চেংড়াবান্ধা ব্যাটালিয়নের টহলরত সদস্যরা তাদের প্রতি তিন রাউন্ড গুলি ছোড়ে। এতে মোতালেব ও আজাদ ঘটনাস্থলে মারা যান।
দুলাল মিয়া বাংলাদেশে পালিয়ে আসেন এবং অপরজন বাংলাদেশী ভারতে পালিয়ে থাকেন।
বিডিআর ৩১ রাইফেল ব্যাটালিংয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আসলাম হোসেন ও বুড়িমারী ক্যাম্পের সুবেদার সাহিদ হোসেন বিএসএফ'র গুলি ছোড়ার সত্যতা স্বীকার করেছেন।
তারা বলেন, যেহেতু ভারতের অভ্যন্তরে গুলি ছোড়ার ঘটনাটি ঘটেছে তাই মারা যাওয়ার বিষয়টি যাচাই না করে কিছু বলা যাবে না।
তবে গরু ব্যবসায়ী দুলাল মিয়ার কাছে বিষয়টি শুনেছেন তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০১৫ ঘ.
bdnews24