চট্টগ্রাম, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবরোধ-ভাঙচুরের ঘটনায় বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর কথিত তিন অনুসারীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
ওই ঘটনায় গ্রেপ্তার নয়জনকে সোমবার বিকালে চট্টগ্রাম জেলার মুখ্য বিচারিক হাকিম কে এম শামসুদ্দিনের আদালতে হাজির করা হয়।
এর মধ্যে চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিন করে রিমান্ড চায় পুলিশ।
জেলা কোর্ট ইন্সপেক্টর অনু মং মারমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জহিরুল ইসলামকে চারদিন, কাজী ফরিদ উদ্দিন ও মোহাম্মদ হোসেনকে তিনদিনের হেফাজতে নেওয়ার অনুমতি দেয় আদালত।
তিনি জানান, এ মামলায় গ্রেপ্তার অপর আসামি সাহাবুদ্দিনের রিমান্ড নামঞ্জুর কওে আদালত।
সাহাবুদ্দিন ওই ঘটনার বর্ণনা দিয়ে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে অনু মং জানান।
শনিবার গভীর রাতে এবং রোববার সকালে ২০ থেকে ২৫ জন উচ্ছৃঙ্খল যুবক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছলিমপুর এলাকায় কয়েকটি কাভার্ড ভ্যান ও যানবাহন ভাঙচুর ও তাতে অগ্নিসংযোগ করে।
এ ঘটনায় পুলিশ রোববার জহিরুল ইসলাম, মোহাম্মদ হোসেন, আলমগীর মাহফুজ ও সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে। পরে পুলিশ বাদি হয়ে ২২ জনকে আসামি করে দুটি পৃথক মামলা দায়ের করে।
রোববার রাতভর অভিযান চালিয়ে পুলিশ কাজী ফরিদ উদ্দিন, খায়রুল ইসলাম, ইব্রাহীম খলিল, আবু জাফর ও আবুল মনসুর নামে আরও পাঁচজনকে গ্রেপ্তার করে।
রোববার জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (গোয়েন্দা) ফারুক আহম্মেদ ও সীতাকুণ্ড থানার ওসি নুর মোহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন, গ্রেপ্তারকৃতরা বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর অনুসারী ও বিএনপি কর্মী।
যুদ্ধাপরাধের বিচারের নামে সাকা চৌধুরীকে হয়রানির প্রতিবাদে তারা ওই হামলা চালায় বলে জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছে।
ওই দুই পুলিশ কর্মকর্তা আরও বলেন, সাকা চৌধুরীর নির্দেশে পরিকল্পিতভাবে এ ভাঙচুর চালানো হয় বলে গ্রেপ্তারকৃতরা জানিয়েছে। দুই মামলার এজাহারেও তা উল্লেখ আছে।
মামলার তদন্ত কর্মকর্তা সীতাকুণ্ড থানার উপ-পরিদর্শক (এসআই) খাদেমুল বাশার সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই মামলায় তিনজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/২৩২৭ ঘ.
bdnews24