২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারখানা ভাংচুর: ১৬২ শ্রমিকের বিরুদ্ধে মামলা

ঢাকার সাভারে একটি পোশাক কারখানায় ভাংচুর ও কর্মকর্তাদের মারধরের ঘটনায় একটি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2010, 03:14 PM

Updated : 25 Aug 2022, 07:34 PM

সাভার, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকার সাভারে একটি পোশাক কারখানায় ভাংচুর ও কর্মকর্তাদের মারধরের ঘটনায় একটি মামলা হয়েছে। সোমবার সন্ধ্যায় সাভারের কলমা এলাকার 'হটড্রেস লিমিটেড' কারখানার ব্যবস্থাপক মিজানুর রহমান বাদি হয়ে মামলাটি করেন। মামলায় ১২ জন শ্রমিকের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১৫০ জন শ্রমিককে আসামি করা হয়েছে। সকাল ৯টার দিকে মজুরি বাড়ানোর দাবিতে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার পাঁচ কর্মকর্তাকে মারধর করে এবং ভাংচুর চালায়। খবর পেয়ে পুলিশ ও র‌্যাব ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর কারখানাটি ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। কারখানায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। সাভার মডেল থানার ওসি মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শ্রমিকদের বুঝিয়ে শান্ত করার পর তারা চলে যায়। কারখানাটিতে প্রায় ২৪শ শ্রমিক কাজ করে।" তিনি জানান, ঘটনাস্থল থেকে নাছির উদ্দিন নামের বহিরাগত একজনকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। কারখানার ব্যবস্থাপক মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুই-তিনশ শ্রমিক কারখানার তৃতীয় তলা ও পাশের টিনশেড ঘরের বিভিন্ন যন্ত্রপাতি, কম্পিউটার, আসবাবপত্রসহ মূল্যবান মালামাল ভাংচুর করেছে।" তিনি জানান, শ্রমিকরা এসময় পাঁচ কর্মকর্তাকে মারধর করে। এরা হচ্ছেন- সহকারী ব্যবস্থাপক কাওসার আহম্মেদ, সহকারী মার্চেন্ডাইজার ইকবাল হোসেন, সহকারী প্রোডাকশন ম্যানেজার নজরুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা আহসান উল্লাহ ও নিটিং ইনচার্জ মোশারফ হোসেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। মিজানুর রহমান জানান, রোববার বিকালে শ্রমিকদের বেতন দেওয়া হয়। তখন তারা কোনো আপত্তি করেনি। কিন্তু পরদিন সকালে এসে তারা মজুরি বাড়ানোর দাবি তোলে। মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে ওসি মাহবুবুর রহমান জানান, তদন্ত করে আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আসামিদের মধ্যে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন- নাসির উদ্দিন, আলমগীর হোসেন, আব্দুস সবুর, লিটন মিয়া, মোসলেম উদ্দিন, মেহেদী হাসান, রুবেল, আব্দুল হাকিম, কামাল উদ্দিন, মুকুল, সাইদুল ও মো. রাজু। ওসি আরো জানান, ভাংচুরের ঘটনায় ১০ লাখ টাকার ক্ষতির অভিযোগ এনেছে কারখানা কর্তৃপক্ষ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১১৬ ঘ.