চট্টগ্রাম, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে ঈদুল আজহায় ১১টি গরুর হাটসহ নগরীর সার্বিক নিরাপত্তায় ১১শ পুলিশ দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার আবুল কাশেম।
সোমবার বিকালে সিএমপি'র মাসিক অপরাধ বিষয়ক সভায় পুলিশ কমিশনার জানান, এজন্য চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) পক্ষ থেকে একটি বিশেষ সেলও গঠন করা হয়েছে।
সিএমপি'র উপ-কমিশনারের (সদর) নেতৃত্বে গঠিত বিশেষ সেলের প্রধান সমন্বয়কারী করা হয়েছে সহকারী কমিশনার (গোয়েন্দা) হাছান চৌধুরীকে। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে পুলিশের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা জানানো হয় সভায়।
চাঁদাবাজি বন্ধে নগরীর দুটি স্থায়ী গরুর হাটে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হবে জানিয়ে কমিশনার বলেন, নগরীর কোথাও গরুবাহী ট্রাককে পুলিশ থামাবে না। আগে থেকে জানানো হলে হাটে বেশি পরিমাণ নগদ টাকা পরিবহনে পুলিশ নিরাপত্তার ব্যবস্থা করবে।
ঈদে বাস ও রেলের টিকিট কালোবাজারি রোধ, বাস টার্মিনাল ও রেল স্টেশনে যাত্রী হয়রানি বন্ধে সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে বলে জানান আবুল কাশেম।
তিন কর্মকর্তা ও এক দলকে সনদ
মাসিক সভায় অক্টোবর মাসে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের কারণে নগরীর তিন থানার তিন পুলিশ কর্মকর্তাকে 'সেরা কর্মকর্তা' সনদ দেওয়া হয়। পাশাপাশি গোয়েন্দা শাখার একটি দলকে 'সেরা দল' সনদ দেওয়া হয়।
সনদ পাওয়া কর্মকর্তারা হলেন নগরীর ডবলমুরিং থানার উপ-পরিদর্শক মো. কাউসার উদ্দিন চৌধুরী, খুলশী থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম ও কোতোয়ালী থানার উপ-পরিদর্শক সদীপ দাশ।
এছাড়া বিভিন্ন অপরাধ মূলক কর্মকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও আসামী গ্রেপ্তারে ভূমিকা রাখার জন্য একজন কর্মকর্তা ও মোট ১৩ জন উপ- পরিদর্শককে সনদপত্র দেওয়া হয়।
বৈঠকে সিএমপি'র উপ কমিশনার (সদর) ময়নুল ইসলাম, উপ-কমিশনার (উত্তর) আমেনা বেগম, উপ-কমিশনার (বন্দর) কুসুম দেওয়ানসহ সহকারী কমিশনার পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নগরীর যানজট নিরসনে ঈদের পর সমন্বিত উদ্যোগ
মাসকি সভায় নগরীর যানজট নিরসনে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে সমন্বিত উদ্যোগ নেওয়ার ঘোষণা দেন সিএমপি কমিশনার। তিনি জানান, ঈদের পর এ বিষয়ে কার্যকর উদ্যোগ নেয়া হবে।
যানজট নিরসনে পরিকল্পনা না করে কয়েকটি সড়ক ও সংলগ্ন ফুটপাতের অবৈধ দখল উচ্ছেদ করলে কোনো কাজ হবে না বলে মন্তব্য করেন আবুল কাশেম। তিনি বলেন, "সমন্বিত উদ্যোগের জন্য ইতিমধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (সিসিসি) মেয়রের সঙ্গে আলোচনা হয়েছে।"
নগরীর সড়ক যানবাহন চলাচলের জন্য দখলমুক্ত রাখা সিসিসি'র দায়িত্ব উল্লেখ করে কমিশনার জানান, নগরীতে বর্তমানে চার লাখ রিকশা চলে যার একটিরও লাইসেন্স নেই।
তিনি বলেন, ঈদের পর পরিবহন মালিক-শ্রমিক, নগরীর ব্যবসায়ী, সিসিসি ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমন্বিত সিদ্ধান্ত নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/পিডি/২০০৮ ঘ.
bdnews24