গাজীপুর, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেতন ও বোনাস কমিয়ে দেওয়ার প্রতিবাদে গাজীপুরে দুটি পোশাক কারখানায় ভাংচুর ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এতে একটি কারখানায় অন্তত ছয় শ্রমিক আহত হয়।
সোমবার সকালে সদর ও কালিয়াকৈর উপজেলায় এই দুটি ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের গাজীপুর প্রতিনিধি জানান, সদরের ভোগড়া এলাকার টেক্স ইউরো (বিডি) লিমিটেড নামের পোশাক কারখানায় বেতন ও হাজিরা বোনাস কমানোর প্রতিবাদে কর্মবিরতি, বিক্ষোভ ও ভাংচুর চালায় শ্রমিকরা।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম জানান, রোববার বেতন দেওয়ার সময় হাজিরা বোনাস কম দেওয়া হয়।
এ ঘটনায় শ্রমিকরা সোমবার সকালে কারখানায় এসে কর্মবিরতি পালন করে এবং এক পর্যায়ে ভাংচুর শুরু করে।
পরে খবর পেয়ে সকাল ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
পরিস্থিতির অবনতির আশঙ্কায় কারখানা এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান এসআই রফিকুল।
এদিকে কালিয়াকৈর উপজেলার বাড়ইপাড়া এলাকায় হেচং সোয়েটার কারখানায় পাঁচ কর্মকর্তাকে বহিষ্কারের দাবি নিয়ে শ্রমিকদের দুপক্ষের সংঘর্ষে ছয়জন আহত হয়েছে।
কালিয়াকৈর থানার ওসি আমির হোসেন জানান, কারখানার ফিনিশিং ও লিংকিং বিভাগের ১২শ' শ্রমিক সকালে কারখানার পাঁচ কর্মকর্তাকে অসদাচরণের অভিযোগে বরখাস্ত করার জন্য কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করে।
আন্দোলনে যোগ দেওয়া নিয়ে অন্য শ্রমিকদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।
এ সময় মুসা মিয়া, লোকমান হোসেন, খাদিজা ও সোহেল মিয়াসহ ছয়জন আহত হয়।
খবর পেয়ে দুপুর ১২টার দিকে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কারখানার প্রশাসনিক কর্মকর্তা নাজমুল আলম সাংবাদিকদের জানান, শ্রমিকদের দাবি নিয়ে আলোচনা হবে। বিষয়টি কিভাবে সমাধান করা যায় সে ব্যাপারে চিন্তাভাবনা করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/১৯১৬ ঘ.
bdnews24