২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় দিনে কর্মবিরতি, অচল ভোমরা বন্দর

ভারত থেকে আমদানি করা পোশাকসহ কয়েকজনকে আটকের ঘটনায় দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি অব্যাহত রেখেছে ভোমরা স্থলবন্দরের ব্যবসায়ীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2010, 03:51 PM

Updated : 25 Aug 2022, 07:33 PM

সাতক্ষীরা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারত থেকে আমদানি করা পোশাকসহ কয়েকজনকে আটকের ঘটনায় দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি অব্যাহত রেখেছে ভোমরা স্থলবন্দরের ব্যবসায়ীরা। এতে কার্যত অচল হয়ে পড়েছে আমদানি-রপ্তানি কাজ। রোববার ভোমরা বন্দর ও ওপারের ভারতের ঘোজাডাঙ্গা বন্দরে কয়েকশ' পণ্যবাহী ট্রাক আটকা পড়ে। শনিবার বন্দর সংশ্লিষ্ট সবগুলো সংগঠন আটক পোশাক ফেরত ও গ্রেপ্তার সবাইকে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করে। সংগঠনগুলোর মধ্যে আছে- ভোমরা স্থলবন্দর ক্লিয়ারিং এন্ড ফরোয়ার্ডিং (সিএন্ডএফ) এজেন্ট অ্যাসোসিয়েশন, হোল্ডিং শ্রমিক ইউনিয়ন, ট্রান্সপোর্ট ইউনিয়ন, ট্রাক মালিক সমিতি। সিএন্ডএফ এজেন্টরা বলেছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কর্মবিরতি চালিয়ে যাবেন। এদিকে, আমদানি-রপ্তানি কার্যক্রম সচল করার লক্ষ্যে রোববার সন্ধ্যায় অতিরিক্ত জেলা প্রশাসক মুখেশ চন্দ্র বিশ্বাস সিএন্ডএফ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন। সন্ধ্যা সাতটার দিকে বৈঠক শেষে সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী নওশাদ দেলোয়ার রাজু সাংবাদিকদের জানান, আগামীকাল বিকাল ৩টা পর্যন্ত বৈঠক মুলতবি করা হয়েছে। সোমবার সকাল ১১টায় ভোমরা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ভবনে বৈঠকে বসবে বন্দরের সব সংগঠনের নেতারা। পরে জেলা প্রশাসকের সঙ্গে বৈঠক হবে বলে তিনি জানান। মিথ্যা ঘোষণা ও শুল্ক ফাঁকির অভিযোগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় সাতক্ষীরা শহরের বাঙ্গালের মোড়ে ভারত থেকে আমদানি করা দুই ট্রাক পোশাকসহ ছয়জনকে আটক করে সাতক্ষীরা টাস্কফোর্স। টাস্কফোর্স কর্মকর্তারা জানান, আটক ট্রাক দুটিতে ২৩৫টি লটে ভারতীয় পাঞ্জাবী, কার্ডিগান, শিশুদের পোশাক, জ্যাকেট, প্যান্ট, সোয়েটার ছাড়াও রয়েছে কাশ্মীরী শাল, থ্রি পিস ও লেহাঙ্গা। সাতক্ষীরা ৪১ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এনায়েত করিম সাংবাদিকদের জানান, এসব পণ্যের মূল্য কম দেখিয়ে শুল্ক বিভাগের ছাড়পত্র নেওয়া হয়েছে। এছাড়া শুল্ক বিভাগের তালিকার সঙ্গে অনেক পণ্যের মিল নেই। পরে বিডিআরের পক্ষে এব্যাপারে একটি মামলা দায়ের করা হয়। তবে বন্দরের কাস্টমস সুপারিনটেন্ডেন্ট মোস্তফা কামাল বলেন, এসব পণ্য বৈধপথে এসেছে। তাই কাস্টমস থেকে এসবের ছাড়পত্রও দেওয়া হয়। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমদানি করা পণ্যের বিপরীতে প্রায় ৮৮ লাখ টাকা শুল্ক পাওয়া গেছে। এরপরও বিডিআর মামলা করলে কাস্টমস কর্তৃপক্ষের কিছু করার নেই।" তিনি জানান, ঢাকার নয়াপল্টনের মেসার্স আকা ট্রেডার্সের নামে ভারত থেকে এলসি'র মাধ্যমে গত ২৮ অক্টোবর এসব পোশাক ভোমরা বন্দরে আনা হয়। সিএন্ডএফ এজেন্ট মেসার্স সুলতান এন্টারপ্রাইজের মাধ্যমে এসব পোশাকের কাস্টমস ক্লিয়ারিং এর ব্যবস্থা করা হয়। বৃহস্পতিবার কাস্টমস থেকে এসব পোশাকের ছাড়পত্র দেওয়া হয়। আটক পণ্য ফেরত ও গ্রেপ্তারকৃতদের মুক্তি দাবি করে রোববার দুপুরে সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে। সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি আশরাফুজ্জামান আশু ও সাধারণ সম্পাদক কাজী নওশাদসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। তারা বলেছেন, টাস্কফোর্স অন্যায়ভাবে বৈধপথে আনা এসব পণ্য আটক করেছে। আটক পণ্য ফেরত এবং গ্রেপ্তারকৃতদের মুক্তি না দেওয়া পর্যন্ত তাদের কর্মবিরতি চলবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/২১৫৩ ঘ.