ঢাকা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন মজুরি কাঠামো মেনে মালিক পক্ষ বোনাস না দেওয়াই পোশাক শিল্পে সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের কারণ বলে মনে করছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।
গাজীপুরে শনিবারের সংঘর্ষের ঘটনায় রোববার তিনি সচিবালয়ে সাংবাদিকদের বলেন, "নতুন মজুরি কাঠামো অনুযায়ী বোনাসের দাবিতে শ্রমিকরা এটি করেছে। নতুন মজুরি কাঠামো কার্যকর হয়েছে নভেম্বর মাস থেকে। কিন্তু মালিকরা ডিসেম্বরের আগে এ হারে মজুরি ও বোনাস দিতে নারাজ। তাই এ নিয়েই শ্রমিকরা আন্দোলন করেছে।"
শনিবার গাজীপুরের নাওজোরে নতুন মজুরি কাঠামোয় বেতন-বোনাসের দাবিতে বিক্ষোভ করে দিশারি সোয়াটার কারখানার শ্রমিকরা। ওই সময় ভাংচুর ও সড়ক অবরোধও হয়।
গাজীপুরের কারখানার মালিক ও শ্রমিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে সঙ্কট ব্যবস্থাপনা ইউনিট (সিএমইউ) ও শিল্প পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী জানান।
রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ দায়িত্ব দেওয়া হয়। সভায় দরপত্র নিয়ে সন্ত্রাস ও অনিয়ম বন্ধে সব দরপত্র প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে করার তাগিদ দেওয়ার সিদ্ধান্ত হয়।
দরপত্র সন্ত্রাস সম্পর্কে তিনি বলেন, "দরপত্রের প্রক্রিয়াগুলো অনলাইনের মাধ্যমে সম্পন্ন করার সিদ্ধান্ত আগেই হয়েছিলো। এ কাজটি দ্রুত সম্পন্ন করতে সভায় তাগিদ দেওয়া হয়।"
সভায় বিরোধী দলের আন্দোলনের বিষয় নিয়েও আলোচনা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।
তিনি বলেন, "যুদ্ধাপরাধীদের রক্ষায় বিরোধী দল আন্দোলনের নামে যে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে, তা বন্ধ করা উচিৎ। একটি বাড়ি রক্ষার জন্য রাজপথ গরমের কোনো সুযোগ নেই।"
সভায় আইনমন্ত্রী সাহারা খাতুন, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু, তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, শ্রমমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনও ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৫৩৪ ঘ.
bdnews24